পুরস্কার-তিরস্কার নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থান-পরবর্তী জনআকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের কর্মের যথাযথ স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে। অন্যদিকে, যারা আইন-বিধি লঙ্ঘন করে জনসেবায় ব্যাঘাত ঘটাবেন বা অপকর্মে জড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রসঙ্গে মন্ত্রী বলেন, উল্টো রথযাত্রা বা কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এটি রাখা হয়েছিল-এমন ধারণার কোনো ভিত্তি নেই। এটি কাকতালীয় ঘটনা। তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ডিভাইসটি নিষ্ক্রিয় করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং তা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যেকোনো নাগরিক বা রাজনৈতিক দলের মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার রয়েছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, দায়িত্ব পালনকালীন পদাধিকারবলে সাবেক রাষ্ট্রপতি যে সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন, তা বহাল থাকবে। পাশাপাশি আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতিকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
পুলিশ সপ্তাহে এ বছর পদক প্রদান অনুষ্ঠান না হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রস্তুত করা তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়ায় সেটি পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে বিশুদ্ধ তালিকার ভিত্তিতে যোগ্য পুলিশ সদস্যদের পদক দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) মো. কামরুল আহসান।
অনুষ্ঠানে সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ দুটি পৃথক ঘটনার স্বীকৃতিস্বরূপ মোট নয়জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করার ঘটনায় পুরস্কার পান সাতজন পুলিশ সদস্য। তারা হলেন-ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির ও মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম ও আজমীর হোসেন এবং পুলিশ টেলিকম সংস্থার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







