ঢাকার সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনে আহত ৫
মফস্বল ডেস্ক : সাভারের হেমায়েতপুরে রঙ মিশানোর কেমিক্যালের একটি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এসময় ঘন ঘন বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে থাকা কারখানাটিতে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, কেমিক্যাল কারখানায় আগুন লাগার পর স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর সময় কেমিক্যাল গুদামে ঘন ঘন বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য এবং এক স্থানীয় বাসিন্দাসহ মোট পাঁচজন আহত হন। আহতরা হলেন-ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
আরও পড়ুনসাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১টা থেকে টানা সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, কেমিক্যাল গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুনের সময় একাধিক বিস্ফোরণ ঘটে, এতে চার ফায়ার ফাইটার আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দা মশিউর রহমানকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
মন্তব্য করুন









