বিকল বাসে চার গাড়ির সংঘর্ষে ২ মোটরসাইকেলের আরোহী নিহত
মফস্বল ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি বাহন। এসময় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। আজ শনিবার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেট কার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ড ভ্যানও ব্রেক করে। কাভার্ড ভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় চারটি পরিবহনই।
নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, এর মধ্যে একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই একই পরিবারের ফুপাতো-মামাতো ভাই।
আরও পড়ুনসাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সবগুলো গাড়িই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। তবে মূল কারণ হচ্ছে, নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বাসটি। বাসটি দাঁড়িয়ে থাকায় পেছনের প্রাইভেট কারটি শেষ মুহূর্তে সেটি দেখতে পেয়ে হঠাৎ ব্রেক করে। পেছনের গাড়িগুলোও একইভাবে হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এভাবেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।
মন্তব্য করুন




_medium_1784924534.jpg)



