কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিণত করতে চাই: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিণত করতে চাই। এ লক্ষ্যে কক্সবাজারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়নে উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
পর্যটনমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অল্প সময়ের মধ্যেই করা সম্ভব হবে বলে আশা করছি। নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য নতুন একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। ওই পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে একটি অত্যাধুনিক পর্যটন হাবে রূপ দেয়া হবে। সভায় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ এবং ব্লু ইকোনমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুনসভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশীজনদের প্রস্তাবের ভিত্তিতে কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে দ্রুত একটি মাস্টারপ্ল্যানের কাজ শুরু করার নির্দেশ দেন।
সভায় অর্থ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1784818998.jpg)



