বর্ষা মৌসুমে কাঠের আসবাবপত্র থেকে ছত্রাক দূর করবেন যেভাবে
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে ঘরের কাঠের আসবাবপত্রে। আলমারি, টেবিল, চেয়ার, সোফা কিংবা কাঠের শেলফ থেকেই ভ্যাপসা গন্ধ বের হতে শুরু করে। অনেক ক্ষেত্রে কাঠের গায়ে ছত্রাক, সাদা দাগ বা কালচে আস্তরণও দেখা যায়। শুধু দুর্গন্ধই নয়, সময়মতো যত্ন না নিলে আসবাবপত্রের স্থায়িত্বও কমে যেতে পারে। তাই বর্ষা শেষ হওয়ার অপেক্ষা না করে শুরু থেকেই সঠিক যত্ন নেওয়া জরুরি।
কেন বর্ষায় কাঠের আসবাবপত্রে ছত্রাক পড়ে?
কাঠ, কাপড় ও ফোমজাতীয় উপকরণ খুব সহজেই বাতাসের আর্দ্রতা শোষণ করে। বর্ষাকালে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস না থাকলে এই আর্দ্রতা দীর্ঘ সময় জমে থাকে। ফলে সেখানে ছত্রাক, ব্যাকটেরিয়া ও কখনও কখনও পোকামাকড়ের আক্রমণও শুরু হয়। এর ফলেই তৈরি হয় ভ্যাপসা গন্ধ এবং ধীরে ধীরে আসবাবপত্রের রং, পালিশ ও গঠন নষ্ট হতে থাকে। আসুন জেনে নেওয়া যাক বর্ষায় আসবাবপত্র কীভাবে পরিষ্কার করবেন-
আসবাবপত্র পরিষ্কার করা
কাঠের আসবাবে যদি ছত্রাকের দাগ দেখা যায়, তাহলে প্রথমে একটি নরম ব্রাশ বা শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতোভাবে সেটি পরিষ্কার করুন। বেশি জোরে ঘষা যাবে না, এতে কাঠের উপরের পালিশ নষ্ট হতে পারে।
যে অংশে ছত্রাক বেশি জমেছে, সেখানে হালকা সাবান মেশানো পানি দিয়ে ভেজানো কাপড় ব্যবহার করে মুছে নিতে পারেন। এরপর অবশ্যই শুকনো কাপড় দিয়ে জায়গাটি ভালোভাবে মুছে ফেলতে হবে। চাইলে কাঠের আসবাবের জন্য তৈরি বিশেষ ক্লিনারও ব্যবহার করা যেতে পারে।
সোফা ও কুশন পরিষ্কারে পানির বদলে ভ্যাকুয়ামের ব্যবহার
সোফা, কুশন বা কাপড় মোড়ানো আসবাবপত্র পরিষ্কার করতে পানি ব্যবহার না করাই ভালো। এতে কাপড়ের ভেতরে আর্দ্রতা আরও জমে দুর্গন্ধ ও ছত্রাকের ঝুঁকি বাড়ে। বরং নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ধুলাবালি ও আর্দ্রতা পরিষ্কার করুন। প্রয়োজনে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
আলো-বাতাস চলাচল নিশ্চিত করা
বর্ষায় ঘর যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। দিনের বেলা কিছু সময়ের জন্য আলমারি, ড্রয়ার ও ক্যাবিনেটের দরজা খুলে রাখুন। একই সঙ্গে ফ্যান বা এসি চালালে ভেতরের স্যাঁতসেঁতে ভাব দ্রুত কমে যায়। প্রতিদিন অন্তত এক ঘণ্টা এই অভ্যাস করলে ভ্যাপসা গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
আসবাবের জায়গা বদলানো
ছোট আকারের কাঠের আসবাব হলে সেগুলো এমন জায়গায় সরিয়ে রাখুন, যেখানে প্রাকৃতিক আলো ও বাতাস বেশি আসে। দীর্ঘদিন একই স্যাঁতসেঁতে কোণায় রাখলে আর্দ্রতা আরও বেশি জমে যায়।
মেঝের সঙ্গে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা
টাইলস বা মার্বেলের মেঝে থেকেও আর্দ্রতা কাঠে উঠে আসতে পারে। তাই কাঠের আসবাবপত্র সরাসরি মেঝেতে না রেখে নিচে রাবারের ক্যাপ, ফেল্ট প্যাড বা কাঠের ছোট ব্লক ব্যবহার করুন। এতে আর্দ্রতা কম শোষিত হবে এবং ছত্রাকের ঝুঁকিও কমবে।
ভেজা কাপড় ব্যবহার না করা
অনেকেই প্রতিদিন ভেজা কাপড় দিয়ে টেবিল বা আলমারি মুছে থাকেন। বর্ষাকালে এই অভ্যাস উল্টো ক্ষতির কারণ হতে পারে। ভেজা কাপড়ের বদলে সবসময় শুকনো বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। এতে ধুলা যেমন পরিষ্কার হবে, তেমনি অতিরিক্ত আর্দ্রতাও জমবে না।
বর্ষাকালে কাঠের আসবাবপত্রের যত্ন নেওয়া কঠিন নয়, তবে নিয়মিত হওয়া প্রয়োজন। সময়মতো পরিষ্কার করা, ঘরে পর্যাপ্ত আলো-বাতাস রাখা এবং অতিরিক্ত আর্দ্রতা এড়িয়ে চললেই কাঠের আসবাব দীর্ঘদিন ভালো থাকবে। সামান্য কিছু অভ্যাস বদলেই বর্ষাজুড়ে ঘর থাকবে সতেজ, দুর্গন্ধমুক্ত এবং আসবাবপত্রও থাকবে নতুনের মতো।
সূত্র: ইন্ডিয়া টুডে ও অন্যান্য
মন্তব্য করুন






_medium_1784633467.jpg)


