ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৮:৩৮ পিএম

‘এটা বাতিল করে দেখাও’, যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় তৈরি হওয়া সমালোচনার জবাব মাঠেই দিয়েছে বেলজিয়াম। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানোর পর দেশটির খেলোয়াড়দের উদযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে খোঁচা দেওয়া পোস্টের বিষয়টি আলোচনায় এসেছে।

বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তে বেলজিয়াম দলে ‘অন্যায়ের অনুভূতি’ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মিডফিল্ডার নিকোলাস রাসকিন। তার দাবি, ওই সিদ্ধান্তই তাদের আরও ভালো পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত করেছিল।

শেষ ষোলোর ম্যাচের আগে বসনিয়া-হার্জেগোভিনার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ব্যালোগুন। নিয়ম অনুযায়ী, এতে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা হওয়ার কথা ছিল। কিন্তু ফিফা সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে দেয়। ফলে যুক্তরাষ্ট্রের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার সুযোগ পান এই স্ট্রাইকার।

ফিফার এই সিদ্ধান্তে বেলজিয়াম, উয়েফা এবং ইংল্যান্ডের কোচ থমাস টুখেলসহ অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে বিশ্বকাপে ‘বড় দাগ’ তৈরি হতো এবং তিনি ফিফাকে বিষয়টি পর্যালোচনার অনুরোধ করেছিলেন।

অন্যদিকে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) বালোগুনের খেলার অনুমতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছিল। তারা ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও তা গ্রহণ করা হয়নি।

 

উয়েফা এই সিদ্ধান্তকে ‘সীমা অতিক্রম’ করার মতো বিষয় হিসেবে উল্লেখ করে। ইংল্যান্ডের কোচ থমাস টুখেলও মনে করেন, এমন সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বিপজ্জনক নজির তৈরি করতে পারে। টুখেলের প্রশ্ন রেখে বলেন, ‘সীমারেখা কোথায় টানা হবে, সেটিই আমার প্রশ্ন। এর কোনো উত্তর আমার কাছে নেই।’

বিশ্বকাপের ইতিহাসে লাল কার্ডের পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার ঘটনা খুবই বিরল। এর আগে ১৯৬২ সালের ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার গ্যারিঞ্চার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল, যদিও তখন স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার নিয়ম চালু ছিল না।

তবে বালোগুন মাঠে থেকেও বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারেননি। ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইউরোপের দলটি।

বেলজিয়াম ও রেঞ্জার্সের মিডফিল্ডার নিকোলাস রাসকিন বলেন, ‘গত দুই দিনে মাঠের বাইরে অনেক কিছু ঘটেছে। দলের মধ্যে অন্যায়ের একটি অনুভূতি তৈরি হয়েছিল এবং আমরা মাঠে তার জবাব দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’

আরও পড়ুন

বেলজিয়ামের অধিনায়ক ইউরি তিলেমানসও জানান, ঘটনাটি দলকে আরও উজ্জীবিত করেছিল। তার মতে, ‘আমরা নিজেদের বলেছিলাম, মাঠেই আমাদের জবাব দিতে হবে। আমরা সেটাই করেছি।’

ম্যাচে বেলজিয়ামের চতুর্থ গোলের পর কয়েকজন খেলোয়াড়ের উদযাপনও আলোচনায় আসে। তাদের নাচকে অনেকেই ট্রাম্পের পরিচিত ‘ট্রাম্প ড্যান্স’-এর সঙ্গে তুলনা করেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময় এই নাচ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এরপর বেলজিয়াম জাতীয় দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও বালোগুন ইস্যুতে ব্যঙ্গ করা হয়। স্ট্রাইকার রোমেলু লুকাকুর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়—‘এটা বদলে দেখাও।’

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়াও ম্যাচ শেষে ব্যালোগুনের সঙ্গে কথা বলার বিষয়টি জানান। তিনি বলেন, ‘এটি আমার খুব ভালো লেগেছে। এটা তার দোষ নয়, তাকে দায়ী করা যায় না—আমি তাকে সেটাই বলেছি।’

গার্সিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের একাদশে কে খেলেছে, সেটি তাদের কাছে বড় বিষয় ছিল না। নিজেদের পরিকল্পনা ও পারফরম্যান্সই ছিল দলের মূল লক্ষ্য।

এদিকে বালোগুন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়েছে ইরানও। দেশটির জাতীয় দলের পক্ষ থেকে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের ড্র এবং যুক্তরাষ্ট্রের বড় হারের ছবি পাশাপাশি প্রকাশ করে লেখা হয়, ‘এখন পুরো বিশ্ব ফুটবলের কাছে রাজনীতির লজ্জাজনক পরাজয়ের নাচ দেখছে।’

এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন ইরান বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ‘খুশির নাচ’ করার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এটা বাতিল করে দেখাও’, যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড

বগুড়ার  নন্দীগ্রামে ভূমিসেবা কেন্দ্র পরিদর্শন করলেন এসিল্যান্ড

অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ২