ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০১:১০ এএম

স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি

ছবি : সংগৃহীত, স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন বিশ্লেষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংলাপের মাধ্যমে কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে মতামত নিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হবে—এ নিয়ে কমিশনের ভেতরে আলোচনা চলছে। এ লক্ষ্যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সংলাপ শুরু করে আগস্টের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংলাপের সম্ভাব্য তারিখ নির্ধারণে ইসি সচিবালয় কমিশনের কাছে ফাইল উপস্থাপন করবে। কমিশনের অনুমোদন মিললে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠানো হবে।

প্রায় দুই বছর ধরে দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনপ্রতিনিধিশূন্য রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নির্দলীয় এই নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে কয়েকটি দল সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে আচরণবিধি সংশোধনের কাজ চলছে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে কোনটির নির্বাচন আগে হতে পারে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই চূড়ান্তভাবে ভাবা হয়নি। তবে প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করা হতে পারে।

সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় পরিসরে না হলেও কমিশনের প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। কারণ এ বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত গুরুত্বপূর্ণ।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত তিন মাসের প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনে যেতে চায় কমিশন। এর আগে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সরকারের সঙ্গেও আলোচনা হতে পারে। বর্তমানে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের অধিকাংশ প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আচরণবিধি সংস্কার করে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

ইতোমধ্যে নির্বাচন উপযোগী দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদের তথ্য সংগ্রহ করেছে কমিশন। পাশাপাশি ভোটের প্রস্তুতির অংশ হিসেবে আচরণবিধিও হালনাগাদ করা হচ্ছে।

এর অংশ হিসেবে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য পৃথক আচরণবিধির খসড়ার ওপর মতামত দেওয়ার শেষ সময় ছিল গত ৩০ জুন।

রোববারের অনানুষ্ঠানিক বৈঠকে এসব প্রস্তুতির সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি কমিশনের কাছে আসেনি।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, রোববার আমরা প্রাথমিক আলোচনা করেছি। অক্টোবরকে লক্ষ্য ধরে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের প্রয়োজনীয় সব তথ্য ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি

যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

একাদশে ২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্পেন

এক ম্যাচ, দুই কিংবদন্তি, একজনের বিদায়-বিশ্বকাপে আজ ইতিহাসের অপেক্ষা

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট