বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও Friendship-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আজ ৩০ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং Friendship-এর মধ্যে বন্যা পূর্বাভাস প্রযুক্তির উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে কার্যকর বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং পানি ব্যবস্থাপনা খাতে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাপাউবোর প্রধান কার্যালয় পানি ভবনের মহাপরিচালক মহোদয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোঃ এনায়েত উল্লাহ এবং অতিরিক্ত মহাপরিচালকবৃন্দসহ বাপাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাপাউবোর পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ড. মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি বিজ্ঞান) এবং Friendship-এর পক্ষে স্বাক্ষর করেন কাজী আমদাদুল হক, Senior Director and Head of Strategic Planning and Climate Action Sector.
উল্লেখ্য, Friendship-এর উদ্যোগে এবং Luxembourg Institute of Science and Technology (LIST), RSS Hydro ও লুক্সেমবার্গের অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত HERON প্রকল্পের আওতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বন্যা পূর্বাভাসের কারিগরি সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং পানি ব্যবস্থাপনা খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নেয়া।
আরও পড়ুনপ্রকল্পটির আওতায় ব্রহ্মপুত্র নদীর চিলমারী এলাকাকে গবেষণার ক্ষেত্র হিসেবে নির্বাচন করা হয়েছে। গবেষণার ফলাফল ও উদ্ভাবিত প্রযুক্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিদ্যমান বন্যা পূর্বাভাস ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে কাজ করা হবে। এছাড়া প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরও জোরদার হবে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও Friendship-এর মধ্যে বন্যা পূর্বাভাস, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘমেয়াদি গবেষণা ও কারিগরি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্তব্য করুন









