ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদ রানাকে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, মাসুদ রানাকে কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এ পুলিশ কর্মকর্তাকে নিয়ে একাধিক পোস্ট দেন। একটি ভিডিওতে দেখা যায়, মাসুদ রানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ বলে উল্লেখ করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আরেকটি পোস্টে জাওয়াদ নির্ঝর অভিযোগ করেন, প্রকাশ্যে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ থাকা সত্ত্বেও মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছিল।
আরও পড়ুনওই পোস্টে আরও অভিযোগ করা হয়, ডিএমপির এই গুরুত্বপূর্ণ পদে থেকে পুলিশের সংবেদনশীল বিভিন্ন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া অভিযোগ রয়েছে, ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি পুরস্কৃত হয়েছেন বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এছাড়া জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা এবং সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1782404759.jpg)
