ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা
দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং রাঙামাটির লংগদু উপজেলায় দলটির রাঙামাটি জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়ে আহত করার ঘটনায় ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার (২৬ জুন) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাইর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও রাঙামাটি জেলার জয়েন্ট সেক্রেটারির ওপর নৃশংস হামলার প্রতিবাদে ঢাকা মহানগরের বিক্ষোভ মিছিল শুক্রবার জুমার নামাজের পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
আরও পড়ুনউল্লেখ্য, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানায় কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
দায়ের করা ওই মামলা বুধবারের (২৫ জুন) মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মামলা প্রত্যাহার না হওয়ায় এ বিক্ষোভের ঘোষণা দেয় দলটি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






