ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল
চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত হয়েছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি। বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে নিয়ম অনুযায়ী ইঞ্জিনের দিক পরিবর্তনের কাজ শেষ করা হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে স্টেশন এলাকাতেই এর তিনটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর ট্রেনটি স্টেশন এলাকায় আটকে যায় এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত হননি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুনতিনি জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য উদ্ধারকারী (রিলিফ) ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ করে বগিগুলো লাইনে তোলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে বিঘ্ন অব্যাহত থাকবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







