ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ১১:৫১ এএম

আলাদা ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, বাড়তে পারে ইউনিট সংখ্যা 

আলাদা ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, বাড়তে পারে ইউনিট সংখ্যা, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তনের করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার আইন অনুষদের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। একই সঙ্গে কলা অনুষদের তিনটি বিভাগও স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি তুলেছে। এ প্রস্তাবগুলো পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক কমিটিও গঠন করেছে।

মঙ্গলবার (২৩ জুন)  বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। তিনি বলেন, আইন অনুষদের পাশাপাশি কলা অনুষদের সংগীত, নৃত্যকলা এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগও উপাচার্যের কাছে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাবের আলোকে কলা, চারুকলা ও আইন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট তিন বিভাগের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, গত ১৭ জুন অনুষ্ঠিত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার পদ্ধতিগত পরিবর্তন, আসন পুনর্বিন্যাস, শূন্য আসন পূরণ ও সংস্কার’ বিষয়ক কমিটির সভায় আইন বিভাগের পক্ষ থেকে আইন অনুষদের জন্য পৃথক ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। 

এ বিষয়ে অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ‘বিভিন্ন অনুষদ আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। কিছু ক্ষেত্রে এ বিষয়ে কমিটিও গঠন করা হয়েছে। আইন অনুষদ মনে করছে, তারা আরও ভালো শিক্ষার্থী বাছাই করতে পারবে। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো আইন অনুষদের জন্য পৃথক ভর্তি পরীক্ষা চালুর প্রস্তাব দিয়েছে। বিষয়টি বাস্তবায়নযোগ্য কি না, তা খতিয়ে দেখতে নতুন কমিটি করা হয়েছে। আমিও ওই কমিটিতে রয়েছি।’

তিনি আরও বলেন, ‘আইন অনুষদের পৃথক ভর্তি পরীক্ষার প্রস্তাবের পাশাপাশি নৃত্যকলা, সংগীত এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগও স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে কলা, চারুকলা ও আইন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে আগামী ২১ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা সংস্কার কমিটির কাছে মতামত পাঠাতে বলা হয়েছে। তবে আলাদা ভর্তি পরীক্ষার বিষয়ে কমিটির সব সদস্য একমত নন। যদিও কিছু ক্ষেত্রে পৃথক পরীক্ষা গ্রহণের সুযোগ থাকতে পারে।’

আরও পড়ুন

এদিকে ১৭ জুনের সভায় আইন অনুষদের ভর্তি পরীক্ষা পৃথক ইউনিটে নেওয়ার বিষয়ে আইন অনুষদের ডিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্তও অনুমোদনের জন্য প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর পাঠানো হয়েছে। এই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে আইন অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, কলা অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনকে।

এ বিষয়ে অধ্যাপক আবুল কালাম সরকার  বলেন, ‘গত সভায় এ ধরনের আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষায় নতুন ইউনিট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এ বছর থেকেই হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এ বিষয়ে কমিটি করা হয়েছে, আর যদি সংশ্লিষ্ট অনুষদগুলো দ্রুত তাদের যুক্তি-তথ্য উপস্থাপন করে প্রতিবেদন জমা দেয়, তাহলে ইউনিট সংখ্যা বাড়তে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলাদা ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, বাড়তে পারে ইউনিট সংখ্যা 

নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, জামায়াতের মিছিল থেকে হামলায় সাংবাদিক আহত

আর্জেন্টিনার জয়ে শোবিজ তারকাদের উচ্ছ্বাস

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি, মৃত্যু ৫৪ 

দেশের জনগণ জাতিকে দিল্লির ক্রীতদাস বানাতে দেবে না: রিজভী