ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৭:০৪ বিকাল

বগুড়ায় জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানে হারালো বাংলাদেশ

ছবি : সংগৃহীত, বগুড়ায় জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানে হারালো বাংলাদেশ

ব্যাটার ও বোলারদের সম্মিলিত নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮৫ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৬৪ রান তোলার পর জিম্বাবুয়েকে ৪৮.৫ ওভারে ২৭৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

বগুড়ায় টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শাহাদাত হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে অধিনায়ক জাকির হাসান ও ইফতেখার হোসেন ইফতি দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। দুজনের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত বাংলাদেশের হাতে চলে আসে।

অধিনায়ক জাকির খেলেন ৯৭ বলে ১১৯ রানের অসাধারণ ইনিংস। ৯টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংসটি ছিল দায়িত্বশীলতা ও আক্রমণাত্মক মানসিকতার মিশেল। অন্যদিকে ইফতেখার ৫৮ বলে ৭০ রান করে জাকিরকে দারুণ সঙ্গ দেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।
অমিত হাসান ৩১, ইয়াসির আলি চৌধুরী ৩৪ এবং মোহাম্মদ আকবর আলি ২৭ রান যোগ করে স্কোরকে আরও সমৃদ্ধ করেন।

শেষদিকে সামিউন বশির রাতুল মাত্র ১১ বলে অপরাজিত ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অতিরিক্ত ৩৪ রানসহ বাংলাদেশ ইমার্জিং দল নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেটে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

৩৬৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দল শুরুটা মন্দ করেনি। ওপেনার ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রান করে লড়াইয়ের ভিত্তি গড়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো তাদের বড় সমস্যায় ফেলে।

এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন ওয়েসলি মাধেভেরে। জিম্বাবুয়ের এই ব্যাটার ৯৩ বলে ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেন। ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে তিনি দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা চালিয়ে যান।

আরও পড়ুন

তবে অন্য প্রান্তে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তার শতক শেষ পর্যন্ত পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। মাধেভেরে ছাড়া ক্যাম্পবেলের ফিফটি এবং রায়ান বার্লের ২০ রান ছাড়া উল্লেখযোগ্য অবদান আসেনি। ফলে ২৪.২ ওভারে ১১৬ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সামিউন বশির রাতুল ও রোহানাত দৌল্লাহ বর্ষণ ছিলেন সবচেয়ে সফল। দুজনই ৩টি করে উইকেট শিকার করেন। রাতুল ১০ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন, যার মধ্যে ছিল রায়ান বার্ল ও অধিনায়ক রয় কাইয়ার গুরুত্বপূর্ণ উইকেট। বর্ষণও ১০ ওভারে ৭২ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন।

এছাড়া আলিস আল ইসলাম ২টি এবং আব্দুল গাফফার সাকলাইন ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন। বিশেষ করে সাকলাইন ৯.৫ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে এক উইকেট নিয়ে রানরেট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত মাধেভেরে আউট হওয়ার সঙ্গে সঙ্গে ২৭৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে ‘এ’ দলের ইনিংস। ফলে ৮৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ইমার্জিং দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানে হারালো বাংলাদেশ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

সাবেক এমপি বদির জামিন স্থগিত

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৯১ বাংলাদেশি জেলে