মা হারালেন অভিনেতা অজিত কুমার
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি মারা গেছেন। শনিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চেন্নাইয়ের পালাভাক্কাম এলাকায় বসবাস করতেন মোহিনী মানি। তার মৃত্যুর খবরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মায়ের মৃত্যুর খবর যখন আসে, তখন অজিত কুমার দুবাইতে অবস্থান করছিলেন। খবর পাওয়ামাত্রই তিনি এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন। রবিবার চেন্নাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যেখানে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
মোহিনী মানির প্রয়াণে তামিল সিনেমার বর্ষীয়ান অভিনেতা কমল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লেখেন, প্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানির মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। মাতৃহারা অজিত কুমার ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
আরও পড়ুনএকইসঙ্গে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা বিজয়। এক আবেগঘন বার্তায় তিনি বলেন, আমার প্রিয় বন্ধু অজিত কুমারের মা মোহিনী আম্মাইয়ারের চলে যাওয়ার খবর আমাকে ব্যথিত করেছে। মায়ের আত্মা ঈশ্বরের চরণে শান্তি পাক, এই প্রার্থনা করি। জীবনের প্রতিটি পদক্ষেপে যে মা ছিলেন পরম আশ্রয় ও শক্তির স্তম্ভ, তাকে হারানোর এই কঠিন সময়ে বন্ধু অজিত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এ ছাড়া অভিনেত্রী রাধিকা শরৎকুমারসহ বিনোদনজগতের অনেকেই অজিতের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
অজিত কুমারের জীবনে তার মা এক বিশেষ স্থান জুড়ে ছিলেন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে অভিনেতা নিজের সামাজিক কল্যাণমূলক সংস্থার নাম রেখেছিলেন ‘মোহিনী মানি ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বছরের পর বছর ধরে পরিচ্ছন্নতা, নাগরিক সচেতনতা ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








