মিড-ডে মিলে অনিয়ম-মানহীনতা বরদাস্ত করা হবে না : ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।
সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সভাকক্ষে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় বসেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী পাঁচ দফা নির্দেশনা দেন। তিনি বলেন, মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে। পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে। সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাই করা হবে।
আরও পড়ুনববি হাজ্জাজ বলেন, কোনো অবস্থাতেই সাব-কনট্রাক্ট বা উপ-ঠিকাদারি প্রদান করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। মিড-ডে মিল কার্যক্রমের মান ও গুণগত মান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠন করা হবে। এ কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






