ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৬:৫৫ বিকাল

ভোটে কারচুপির অভিযোগ

পদত্যাগ না করার ঘোষণা মমতার

তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সাংবাদিক সম্মেলনে হারের ব্যাখ্যা দিতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

 

এ সময় মমতা ব্যানার্জি বলেন, ‘আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি। আমি চেয়ারের কেয়ার করি না। আমি যাব না। আমি সব তথ্য প্রমাণ রেখে দিয়েছি। আমি সিইও ও আরও’কে সব জানিয়েছি। অভিযোগ কাকেইবা করব। সবাই তো বিক্রি হয়ে গেছে।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তার অভিযোগ, এই নির্বাচনে ভিলেন মুখ্য নির্বাচন কমিশনারই। তিনি বলেন, ‘আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে ছিল না। আমাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে। যিনি কালো ইতিহাস তৈরি করেছেন। এই নির্বাচনে ভিলেন মুখ্য নির্বাচন কমিশনারই। তিনি মানুষের অধিকার লুঠ করেছে, ইভিএম লুট করেছেন। ভোটের পর ইভিএমে ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ! কী করে সম্ভব? নির্বাচনের ২ দিন আগে আমাদের লোকদের গ্রেপ্তার করল। সব জায়গায় তল্লাশি করল। আইসি, ওসি. এসডিও, ডিএম সব বদলে দিলো। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে খেলাটা খেলল। বিজেপি আর কমিশনের গট আপ সেটিং।’

 

এ সময় ১০০ আসন জোর করে লুট করার অভিযোগও করেন তিনি। রাজ্যটির টানা তিনবারের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ আসন জোর করে লুঠ করা হয়েছে। এসআইআর করে ভোটারদের নাম কাটা হয়েছে। কায়দা করা হয়েছে দিল্লি থেকে। সব পরিকল্পনা করে করা হয়েছে। ভোটের আগে আধিকারিকদের বদল করা হয়েছে। ভোটের দিন দুয়েক আগেই আমাদের একাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’‌

আরও পড়ুন

ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করাই হবে লক্ষ্য। এখন আমি মুক্ত পাখি। মানুষের সেবায় কাজ করব। রাস্তায় ছিলাম। রাস্তায় থাকব। উত্তর থেকে দক্ষিণে পুলিশ সক্রিয় ভূমিকাতেই ছিল না। ছিল বিজেপি গুন্ডাদের দাপট। তৃণমূল কর্মীদের ওপর ক্রমাগত অত্যাচার করা হয়েছে। তিনদিন করে বিজেপির কেন্দ্রীয় বাহিনী হামলা চালাচ্ছে। এবারের ভোটের সন্ত্রাস সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে।’‌

মমতার আরও অভিযোগ করে বলেন, ‘কাউন্টিং থেকে আমাকে মারতে মারতে বের করা হয়েছে। প্রথমে আমার গাড়ি থামানো হয়, পরে বুথে ঢুকতে বাধা দেয়া হয়। পেটে লাথি, পিঠে ধাক্কা মারা হয়েছে। হিস্ট্রি উইল রিপিট। উই উইল বাউন্স ব্যাক।’‌ পদক্ষেপ নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা অ্যাকশন নেব, সেটা এখনই জানাচ্ছি না। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হবে। কমিটিতে পাঁচজন সাংসদ ছাড়াও আরও পাঁচজন থাকবেন।’‌ 

এর আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৩টি কেন্দ্রের সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়েছে। এতে বিজেপি পেয়েছে ২০৭টি আসন, তৃণমূল পেয়েছে ৮০টি, কংগ্রেস ২টি, বাম- আইএসএফ জোট ২টি এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি ২টি আসন পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ না করার ঘোষণা মমতার

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি

পরিবারের সাথেই এবার অধরা’র বিশেষ দিন

দীপনের পরিকল্পনায় ‘মেলোডি মোমেন্টস’-এ অনুপমা মুক্তি

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার মৃত্যু নিয়ে গুজব, আমি সুস্থ আছি: রুনা লায়লা