প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ দুপুর
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক
বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। নৌ দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কর্তৃপক্ষ প্রথম দফায় সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়, যা আধা ঘণ্টা পর সাড়ে ৬টায় আবারও চালু হয়। তবে ঝড়ের তীব্রতা বাড়লে দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটলে সকাল সাড়ে ৯টায় পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুইঁয়া জানান, নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।
এদিকে আকস্মিক নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া- উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। তবে চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে ঘাটের যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন পারাপারের ব্যবস্থা করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





