তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন
বগুড়ার শেরপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিবসহ ছয়জনকে অব্যাহতি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দাখিল গণিত পরীক্ষায় পুরনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেইসঙ্গে দায়িত্ব পালনে অবহেলার দায়ে পরীক্ষার সব কার্যক্রম থেকে কেন্দ্র সচিব, হলসুপার ও চার কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু এই তথ্য নিশ্চিত করেন।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আব্দুল জোব্বার ও শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জাকির হোসেন। এছাড়া অব্যাহতি দেওয়া ব্যক্তিরা হলেন-কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, হলসুপার হায়দার আলী, কক্ষ পরিদর্শক হাসনা খাতুন, জোবায়দা খাতুন, কাওছার আহম্মেদ ও মামুনুর রশিদ।
খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ১০১ ও ১০২ নম্বর কক্ষে মোট ২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা দেন। এরমধ্যে ফুলতলা দাখিল মাদ্রাসার ১০ জন, রাজারদীঘির ১৩ জন, চকসাদির তিনজন ও উলিপুর আমেরিয়া মাদ্রাসার তিনজন পরীক্ষা রয়েছে। তারা সবাই নিয়মিত এবং নতুন সিলেবাসের শিক্ষার্থী।
আরও পড়ুনভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, গণিত পরীক্ষা শুরু হলে তারা নতুন সিলেবাসের শিক্ষার্থী হলেও তাদের হাতে পুরনো ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেন কক্ষ পরিদর্শকরা। এমনকি এই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়ে কেন্দ্র ত্যাগ করেন তারা। একপর্যায়ে বাড়ি যাওয়ার পর বিষয়টি টের পেয়ে পরিবার ও নিজ প্রতিষ্ঠানে জানালে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এসব বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ফলাফল নিয়ে অনিশ্চয়তার আশঙ্কাও প্রকাশ করেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু বলেন, শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। সেইসঙ্গে দায়িত্ব পালনে অবহেলার দায়ে কেন্দ্র সচিব, হলসুপার ও চার কক্ষ পরিদর্শককে অব্যাহত দেওয়া হয়েছে।
মন্তব্য করুন



_medium_1777388904.jpg)


_medium_1777387868.jpg)
