হল সংসদের ভিপির পদ স্থগিত ও ছাত্রত্ব বাতিলের দাবিতে উপাচার্যের কাছে আবেদন
ঢাবি প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহার ,সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্নাহ আরাফাতের ভিপি পদ স্থগিত ও তার ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আবেদন জমা দিয়েছেন একই হল সংসদের দুই কার্যনির্বাহী সদস্য।
আজ (২৮ এপ্রিল ) মঙ্গলবার উপাচার্য বরাবর এ আবেদন জমা দেন তারা।
আবেদন জমাদানকারীরা হলেন বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কার্যনির্বাহী সদস্য সোলাইমান ইসলাম রবি ও কার্যনির্বাহী সদস্য আহনাফ আহমেদ রাফি।
আরও পড়ুনআবেদনপত্রে বলা হয়, "DU Insider”, “ঢাবি কণ্ঠস্বর (বর্তমান নাম: Daily DUCSU)" এবং "DU Observer (বর্তমান নাম: Voice of Gen Z)" নামক বিভিন্ন অপপ্রচারমূলক পেইজের সঙ্গে হাসানুল বান্নাহ আরাফাতের প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব পেইজের মাধ্যমে বিভিন্ন ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং বিশেষত নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মানহানিকর, বিদ্বেষমূলক ও স্লাটশেমিংমূলক কনটেন্ট প্রচার করা হয়েছে। বিভিন্ন সংগঠনের নারী সদস্যদের ব্যক্তিগত মর্যাদা ক্ষুন্ন করে অপমানজনক ভাষা ব্যবহার, উদ্দেশ্যপ্রণোদিত চরিত্রহনন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের কর্মকাণ্ড কেবল নৈতিক স্খলন নয়, বরং ক্ষমতার অপব্যবহারেরও সুস্পষ্ট দৃষ্টান্ত।
উক্ত অভিযোগসমূহের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য, অনলাইন কার্যক্রমের ধরন, সংশ্লিষ্ট যোগাযোগ এবং পেইজ পরিচালনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার একাধিক প্রমাণ শিক্ষার্থীদের মধ্যে আলোচিত ও উপস্থাপিত হয়েছে। একজন হল সংসদের ভিপি হিসেবে তাঁর এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত লজ্জাজনক এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। অতএব, অভিযোগের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অবিলম্বে তাঁর ভিপি পদ স্থগিত, প্রশাসনিক জবাবদিহির আওতায় আনা এবং অভিযোগ প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








