একইদিনে পরপর দুই স্টেজ শো’তে শাপলা
অভি মঈনুদ্দীন ঃ স্টেজ শোতেই একজন সঙ্গীতশিল্পী নিজের স্বাচ্ছন্দ্যতা আর ভালোলাগা খুঁজে পান। এর কয়েকটি কারণও রয়েছে। প্রথম কারণ সম্মানী, দ্বিতীয় কারণ সরাসরি শ্রোতা দর্শকের কাছ থেকে গান গাওয়া নিয়ে প্রতিক্রিয়া পাওয়া, তৃতীয়ত গানে গানে নিজেকে ব্যস্ত রাখা। এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় শিল্পী হিসেবে চট্টগ্রামের মেয়ে শাপলা পালও তাই নিজেকে সবসময়ই স্টেজ শো’তেই ব্যস্ত রাখতে চান।
সেই ধারাবাহিকতায় গত শুক্রবার শাপলা পাল পরপর দুটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন। প্রথম শো’টি ছিলো শুক্রবার সকালে ঢাকার পূর্বাচল ক্লাবে এবং পরবর্তীতে একইদিনে সন্ধ্যায় জলসিঁড়ির গল্ফ ক্লাবে তিনি সঙ্গীত পরিবেশন করেন। দুটি শোতেই তিনি মূলত ফোক ঘরানার গান গাওয়ার পাশাপাশি আধুনিক গানও পরিবেশন করে শ্রোতা দর্শককে মুগ্ধ করেন।
শাপলা পাল বলেন,‘ আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিশেষত গীটারিস্ট দীপন ভাইকে। তিনি আমাকে সবসময়ই সহযোগিতা করেন, আমাকে অনুপ্রাণিত করেন। কী করলে আমার গান গাওয়া আরো ভালো হবে সে বিষয়েও আমাকে বিশেষভাবে বলে থাকেন। যেমন আমার ব্যাপারে তিনি ড. প্রিয়াঙ্কা গোপ দিদির সঙ্গে কথা বলেছেন। যে কারণে দিদিও কাছে গিয়ে নিজেকে গানের বিষয়ে আরো ঠিকঠাকভাবে উপস্থাপন করা শিখেছি। দীপন ভাইও বলেছেন আগের চেয়ে আমার গায়কী অনেক ভালো হচ্ছে। কিন্তু আমি আরো আরো ভালোভাবে গাইতে চাই। নিজের সেরাটুকুই গানে দিতে চাই। শ্রদ্ধেয় আশা জী’র মতো আমিও বলতে চাই-গাইতে গাইতেই যেন আমার শেষ নিঃশ্বাস বের হয়।’
আরও পড়ুনশাপলার প্রিয় একজন শিল্পী হচ্ছেন ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী শিপ্রা বসু। শিপ্রা বসুর গাওয়া ‘তুমি না এলে জলসা ঘরে’ এবং ‘আমায় তুমি চিনলে না তো’ গান দুটি ভীষণ প্রিয় শাপলার। শাপলা পালের কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো কিছুদিন আগে প্রকাশিত তারেক আনন্দের লেখা ও খায়রুল ওয়াসীর সুরে ‘শিশির ভেজা পায়ে’।
এছাড়াও তিনি সর্বশেষ নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ও অভিনীত ‘বাবা কেন চাকর’ সিনেমায় প্রয়াত খালিদ হাসান মিলুর গাওয়া ‘আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন’ গানটি কাভার সং হিসেবে তারই ইউটিউব চ্যানেল ‘শাপলা পাল’-এ প্রকাশ করেন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিক উজ্জামান ও সুর করেছেন আলাউদ্দিন আলী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








