ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:১৪ দুপুর

আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না রুবেল

আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না রুবেল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল তার। এরপর আর রুবেলকে দেখা যায়নি জাতীয় দলের জার্সি গায়ে।

এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে রুবেল লিখেছেন, ‘জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।’

ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও রুবেলকে খুব একটা দেখা যায় না এখানেও। ২০২০ সালের পর আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও। এর আগের বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ছয় ম্যাচ খেলে পেয়েছিলেন ৮ উইকেট। সর্বশেষ বিপিএলের নিলামে রুবেলকে নেয়নি কোনো দল। তবে স্বীকৃত ক্রিকেটে সর্বশেষ ম্যাচ তিনি খেলেছেন তার আগের ২০২৫ সালের বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।

আরও পড়ুন

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। ‘পেসার হান্ট’ প্রতিযোগিতা থেকে উঠে আসা এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচেই ৪ উইকেট পান। স্লিঙ্গিং অ্যাকশন আর জোরে বোলিংয়ের জন্য পরিচিতিও পেতে যান দ্রুত। বাংলাদেশের হয়ে তিন সংস্করণে খেললেও ওয়ানডেতেই বেশি সফল রুবেল। ২০১০ সালে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। তিন বছর পর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন হ্যাটট্রিকও। ওই ম্যাচে তার ২৬ রান দিয়ে নেওয়া ৬ উইকেট এখনো আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড। রুবেলের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচ সম্ভবত ২০১৫ সালে ইংল্যান্ডকে হারানোর ম্যাচটিই। ম্যাচের ৪৯তম ওভারে তিন বলের ব্যবধানে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে আউট করে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় জয়টি নিশ্চিত করেন রুবেল।

বাংলাদেশের হয়ে ১০৪ ওয়ানডে খেলে ওভারপ্রতি ৫.৬৭ গড়ে রান দিয়ে ১২৯ উইকেট নিয়েছেন রুবেল। ২৭ টেস্টে তার উইকেট ৩৬টি। আর টি-টুয়েন্টিতে ওভারপ্রতি ৯.৪৫ গড়ে রান দিয়ে ২৮ ম্যাচে রুবেল নিয়েছেন ২৮ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না রুবেল

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৬

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা

গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে : স্পিকার

চার দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও যুবক খুন

যুক্তরাজ্য থেকে ইসরায়েলগামী অস্ত্রের দুই চালান জব্দ করল বেলজিয়াম