বগুড়া পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন প্রক্রিয়া আরও একধাপ এগুলো
স্টাফ রিপোর্টার : বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ সংশোধন করে অধিকতর সময়োপযোগী করে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে আজ রোববার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ সংশোধন কল্পে গঠিত কমিটির আহবায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা।
সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহজাহান মিয়া, কমিটির সদস্য ও ইউজিসি’র মেম্বার প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নিরীক্ষা ও আইন) জহিরুল ইসলাম, কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ফাহিম ফয়সাল ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার উপস্থিত ছিলেন।
সভায় বগুড়া বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০২৬ এর ওপর বিস্তারিত আলোচনা করে বিদ্যমান আইনকে আরও যুগোপযোগী করার সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে গত ৩১ মার্চ ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আলিফ রুদাবাকে সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রয়েসর ড. মোহা. হাছানাত আলী, যুগ্ম সচিব (নিরিক্ষা ও আইন অনুবিভাগ) জহিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী সচিব, (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) নাঈম খন্দকার।
আরও পড়ুনশিক্ষা মন্ত্রণালয়ের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সইকৃত এক চিঠিতে এই কমিটি গঠনের কথা জানান হয়েছিল। ছয় সদস্যের কমিটিকে আট কর্মদিবসের মধ্যে আইন সংশোধন করে শিক্ষামন্ত্রী সমীপে উপস্থাপন করতে বলা হয়েছিল।
আজ রোববার (১২ এপ্রিল) আট কর্ম দিবস শেষ হয়। আলোচনা সভার সুপারিশমালা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে আইন প্রনয়ণের জন্য সংসদে পাঠানো হবে। সংসদে আইন আকারে পাশ হলে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে।
মন্তব্য করুন








