মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ
সিলেট নগর থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যেই শোরুমগুলো অপসারণ করতে হবে বলে জানিয়ে দেয়া হয়।
রোববার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীর সকল ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক/মিশুক/টমটম) দোকান, শোরুম ও ব্যবসায়ীদের জানানো যাচ্ছে যে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ১৫ অক্টোবর তারিখের মধ্যে সিলেট মহানগর এলাকায় শোরুম থেকে সকল অবৈধ যানবাহন (ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) সরিয়ে নিতে অনুরোধ করা হয়।
আরও পড়ুনএরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৪ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যানবাহন ব্যবসায়ীদের পক্ষ থেকে শোরুম স্থানান্তরের জন্য ৬ মাসের সময় প্রার্থনা করা হয়। সে মেয়াদ ১৪ এপ্রিল শেষ হতে যাচ্ছে। জনস্বার্থ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিলেট মহানগরীর ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক/মিশুক/টমটম) বিক্রয়ের প্রতিষ্ঠান ও শোরুম জরুরি ভিত্তিতে অপসারণ করা অত্যাবশ্যক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ব্যাটারিচালিত যানবাহন ব্যবসার দোকান, শোরুম ও ব্যবসায়ীগণকে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, মঙ্গলবার (১৪ এপ্রিল) তারিখের মধ্যে সিলেট মহানগরীতে সকল ধরনের ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম যানবাহন ব্যবসার শোরুম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এ আদেশ বাস্তবায়ন করা না হলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








