নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চালকের আত্মহত্যা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সিরাজুল ইসলাম(২৯) নামে এক ডাম্পট্রাক চালক আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে শহরের উপকন্ঠে পোড়াহাট আবাসন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মজিবার রহমানের বড় ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়াহাট আবাসন প্রকল্পের সরকারি বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন সিরাজুল। বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনে ভুগছিলেন তিনি। এ অবস্থায় প্রায় ৮ মাস আগে থেকে তার স্ত্রী রহিমা খাতুন বাবার বাড়ি অবস্থান করছিলেন।
গতকাল শুক্রবার ট্রাকের হেল্পার সিরাজুলের বাড়ি গিয়ে ডাকাডাকি করতে থাকেন। এসময় তার কোন সাড়া না পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আনেন। পরে বাড়ির প্রধান দরজা খুলে সিরাজুলকে বারান্দার তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানতে পেরে তার বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ নামিয়ে নিজ বাড়ি নিয়ে যান।
আরও পড়ুনখবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. শাহীনুর রহমান কুন্দল পশ্চিমপাড়ার বাড়ি গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, প্রাথমিকভাবে সিরাজুল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
মন্তব্য করুন







