ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৪:৫৫ দুপুর

মাছের চিকিৎসা হাসপাতালে মৎস্য খাতের নব উদ্যোগ 

বাংলাদেশের মৎস্য খাত খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু দীর্ঘদিন ধরে মাছের রোগবালাই, পানির মানের সমস্যা এবং বৈজ্ঞানিক পরামর্শের অভাবে দেশের অসংখ্য খামারি প্রতিবছর বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ছোট ও প্রান্তিক মাছচাষীরা সঠিক রোগ নির্ণয় বা চিকিৎসা না পাওয়ায় অজ্ঞতার ওপর নির্ভর করে ভুল ওষুধ ব্যবহার করেন, ফলে মাছের উৎপাদন হ্রাস পায় এবং চাষের ব্যয় বেড়ে যায়। এই অবস্থায় খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত। রুদাঘরা বটতলা মোড়ে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দেশের প্রথম বিশেষায়িত ‘মাছের হাসপাতাল’ হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকারের উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে হাসপাতালে মাছের রোগ নির্ণয়, চিকিৎসা এবং মাছ চাষ –সংক্রান্ত সব ধরনের পরামর্শ বিনামূল্যে চালুর ব্যবস্থা করেছেন। মানুষ যেমন অসুস্থ হলে হাসপাতালে যায়, তেমনি এখন মাছের রোগ দেখা দিলে খামারিরা এই হাসপাতালে এসে পরামর্শ নিতে পারবেন এ ধারণাটিই দেশের কৃষিব্যবস্থায় নতুন চিন্তার জন্ম দিয়েছে।

বাংলাদেশে মাছচাষিরা বেশ কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হন হঠাৎ মাছের মৃত্যু, পুকুরের পানির দূষণ, অপর্যাপ্ত অক্সিজেন, ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণ, কিংবা খাদ্য ব্যবস্থাপনার ভুল। এসব সমস্যার সমাধানে প্রয়োজন বৈজ্ঞানিক জ্ঞান, যা অধিকাংশ ক্ষেত্রে স্থানীয়ভাবে পাওয়া যায় না। সরকারি প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের ল্যাব থাকলেও তা ছোট খামারিদের নাগালের বাইরে। ফলে একটি সুবিধাজনক ও সহজপ্রাপ্য সমাধান প্রয়োজন ছিল এবং সেই শূন্যস্থানটি পূরণ করছে ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল। হাসপাতালে খামারিরা মাছের নমুনা বা পানির নমুনা নিয়ে গিয়ে বিশেষজ্ঞদের কাছে রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং ওষুধ ব্যবহারের নির্ভুল পরামর্শ পেতে পারেন। এর ফলে ভুল চিকিৎসা কমবে, রোগ ছড়ানো রোধ করা যাবে এবং খামারির ক্ষতি কমবে। একই সঙ্গে এটি মাছচাষীদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষপদ্ধতির দিকে নিয়ে যাবে, যা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই হাসপাতালের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি সম্পূর্ণ সেবামূলক উদ্যোগ। কোনো ফি ছাড়াই চাষিরা প্রয়োজনীয় সাহায্য পাবেন। বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য এটি বড় সহায়তা, কারণ অনেকেই রোগ নির্ণয় বা পরামর্শ নিতে অতিরিক্ত খরচ বহন করতে পারেন না। উদ্যোক্তার এই মানবিকতা গ্রামীণ এলাকায় সামাজিক পরিবর্তনের একটি নতুন উদাহরণ। 

ফিস স্কয়ার মৎস্য হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক শাহ আলম সরকার অত্যন্ত যথার্থভাবেই বলেছেন যেমন মানুষের অসুখ সারাতে ডাক্তার প্রয়োজন, তেমনি মাছের রোগ সারাতেও বিশেষায়িত সেবা প্রয়োজন। এই উদ্যোগের ফলে শুধু খুলনাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরাও উপকৃত হবেন। ভবিষ্যতে এ ধরনের হাসপাতাল সারাদেশে প্রতিষ্ঠিত হলে মৎস্য খাতে এক নতুন বিপ্লব ঘটতে পারে। মাছের হাসপাতাল শুধু রোগ নিরাময়ের জায়গা নয়; এটি হতে পারে গবেষণা, প্রশিক্ষণ, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রযুক্তি বিস্তারেরও কেন্দ্রবিন্দু। বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে এ ধরনের হাসপাতাল দেশব্যাপী মডেল হতে পারে। এতে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্যও নতুন কর্মসংস্থান ও গবেষণার সুযোগ তৈরি হবে। 

পরিশেষে, ডুমুরিয়ার ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ বাংলাদেশের মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ছোট উদ্যোগ হলেও এর সামাজিক প্রভাব বিশাল। এটি দেখিয়ে দিয়েছে, সঠিক চিন্তা ও সেবামূলক মনোভাব থাকলে গ্রামীণ কৃষি ও মৎস্যচাষেও বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হলে দেশের মৎস্য উৎপাদন বাড়বে, খামারিরা আরও আত্মনির্ভরশীল হবে এবং মৎস্য খাত আরও টেকসই পথে এগিয়ে যাবে। এই ব্যতিক্রমী উদ্যোগ তাই শুধু ডুমুরিয়ার মানুষের জন্য নয় সমগ্র দেশের জন্যই একটি অনুপ্রেরণার প্রতীক। 

আরও পড়ুন


লেখক :

জাফরিন সুলতানা 

শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের চিকিৎসা হাসপাতালে মৎস্য খাতের নব উদ্যোগ 

তেল লুকিয়ে রেখে বিক্রি বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন শিশুর মরদেহ উদ্ধার

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঈদের আনন্দ পথে মৃত্যুর ওপারে ২৪৭ জন মানুষ!

ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১