ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০২:৫৭ দুপুর

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৩৫ দোকান

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৩৫ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার  (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বাজারের একটি সরু গলি থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে সীমিত থাকলেও অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। একের পর এক দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনে স্বর্ণের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীঘিনালা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা কাজ করেন। পরে খাগড়াছড়ি থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, রাত ৩টার দিকে আগুন লাগে। এতে ৩৫টিরও বেশি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, আগুন দ্রুত দ্বিতীয় ও তৃতীয় গলিতে ছড়িয়ে পড়ায় পুরো বাজার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। 

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই তাদের জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৩৫ দোকান

দেশের পর আজ থেকে অস্ট্রেলিয়ায় ‘বনলতা এক্সপ্রেস’

রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

বিশ্ববাজারে কমলো তেলের দাম