১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছে একাধিক সূত্র। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংঘাতের ইতি টানার এই চেষ্টা নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করছে। তবে ইরানের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, সমাধানের পথ এখনও সহজ নয়। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি দ্রুত ইরান যুদ্ধের ইতি টানতে চান।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যেই এই সংঘাত শেষ করতে চান। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, তিনি চান ১৪ মে’র আগেই যুদ্ধ শেষ হোক। কারণ ওই দিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি আগেই হওয়ার কথা থাকলেও চলমান ইরান যুদ্ধের কারণে সম্প্রতি তা স্থগিত করা হয়। ট্রাম্প প্রায়ই দাবি করে আসছেন, গত মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলা তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। তবে তার সমালোচকদের অভিযোগ, এই অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্য কী এবং তা কীভাবে অর্জন করা হবে তা এখনও পরিষ্কার করেনি তার প্রশাসন।
এর মধ্যেই বুধবার (২৫ মার্চ) ইরান হোয়াইট হাউসের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে কটাক্ষ করে জানায়, তারা নিজেদের শর্তেই যুদ্ধ শেষ করবে। ইরানের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে, এই সংঘাতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও বেশ দূরের। প্রাণঘাতী এই সংঘাতে এক হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে।
আরও পড়ুনতেহরান জানিয়েছে, তারা ট্রাম্পের দেয়া ১৫ দফা শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে, তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার দাবি জানানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







