যাত্রীসহ নদীতে বাস: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম চলছে। কাজে গতি আনতে ঢাকার পাশাপাশি ফরিদপুর থেকেও বিশেষ ডুবুরি দলের ইউনিট উদ্ধার কাজে যোগ দেবে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন। উদ্ধার কাজে গতি আনতে ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে বাসটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর সাত থেকে আটজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।
সাঁতরে পাড়ে ওঠা আব্দুল আজিজ নামে এক ব্যক্তি জানান, চোখের পলকে বাসটি নদীতে পড়ে যায়। তিনি কোনো রকম পাড়ে উঠেছেন। তবে তার স্ত্রী, ছয় বছরের সন্তান ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








