ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৭:২১ বিকাল

বগুড়ার ধুনটে ঈদ বকশিশের নামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

বগুড়ার ধুনটে ঈদ বকশিশের নামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ঈদ উপলক্ষ্যে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি ও অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। প্রতিবছরই এমন অভিযোগ আসে ঈদযাত্রায় নিয়মিত যাত্রীদের থেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের দুই দিন আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই যাত্রীদের ভাড়া বৃদ্ধি করেছে চালকরা।

ইচ্ছেমতো ভাড়া আদায় করায় প্রতিটি অটোরিকশার চালকের সঙ্গে যাত্রীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ধুনট থেকে বগুড়া, শেরপুর, সোনামুখী, ঢেকুরিয়া, গোসাইবাড়ি, জোড়শিমুল, সোনাহাটা, মথুরাপুর সড়কে প্রতিদিন পাঁচ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে।

এসব অটোরিকশায় এলাকায় দৈনিক হাজার হাজার যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। অটোরিকশা স্ট্যান্ডগুলোতে ভাড়া আদায়ের কোনো নির্ধারিত তালিকা টাঙানো নেই। ফলে দীর্ঘদিন থেকে চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।

এরমধ্যে ধুনট থেকে বগুড়া ৮০ টাকা, শেরপুর ৪০ টাকা, সোনাহাটা ২৫ টাকা, সোনামুখী ১৫ টাকা এবং মথুরাপুর, গোসাইবাড়ি ও ঢেকুরিয়া সড়কে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৩০ টাকা করে আদায় করা হতো। কিন্তু ঈদের তিন দিন আগে থেকে এসব সড়কে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০-২০ টাকা করে বেশি আদায় করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর ভাড়ার পরিমাণ বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায় চালকদের হাতে যাত্রীরা মারধরের শিকার হচ্ছেন।

আরও পড়ুন

এসব সড়কের যাত্রীরা জানান, সড়কগুলোতে সিএনজি চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এছাড়াও অধিকাংশ সিএনজিচালিত অটোরিকশায় লাইসেন্সবিহীন চালক রয়েছে। যাদের কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স নেই। নেই যানবাহন চালানোর তেমন অভিজ্ঞতা। এমন অদক্ষ চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা।

অটোরিকশার চালকরা জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে ৫-১০ টাকা বেশি নেয়া হচ্ছে। এক্ষেত্রে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে না। তবে সিএনজিচালিত অটোরিকশার কয়েকজন মালিক ও স্ট্যান্ডের চেইন মাস্টার বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঈদ বকশিশের নামে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে পরিবহনের চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরও বেশি ভাড়া আদায় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী বলেন, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ঈদ বকশিশের নামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

‘কোথায় কোথায় ফুটপাত দখলে আছে’–জানতে চাইল ডিএনসিসি

কুসুমসহ ডিম খাওয়া কি হার্টের জন্য ক্ষতিকর?

নওগাঁর ধামইরহাটে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে রংপুরজুড়ে

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি