ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৯:২৭ রাত

বগুড়ার ঈদ মার্কেট : ঘুরে ঘুরে পছন্দের পাঞ্জাবি কিনছেন ক্রেতারা

বগুড়ার ঈদ মার্কেট : ঘুরে ঘুরে পছন্দের পাঞ্জাবি কিনছেন ক্রেতারা, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : ক’দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিপণি বিতানগুলোতে নজর কাড়ছে ঈদের আমেজ। শোরুমগুলো সাজানো হয়েছে দেশি-বিদেশি কাপড়ে তৈরি বাহারি পাঞ্জাবিতে। ঈদের নামাজের জন্য নতুন নজরকাড়া পাঞ্জাবি যেমন প্রয়োজন, ঠিক তেমনি ঈদের দিনের দাওয়াত এবং ঘোরাঘুরিতেও এই পোশাকের জুড়ি নেই। বাঙালির ঐতিহ্য ও বিভিন্ন উৎসবে তো বটেই বিশেষ করে ঈদ উৎসবে পাঞ্জাবির কদর সব সময়ই বেশি। আর ঈদকে ঘিরে বগুড়ার পছন্দের পাঞ্জাবি কিনতে দোকানে দোকানে ঘুরছেন উৎস প্রিয় ক্রেতারা। শোরুম থেকে ফুটপাতেও ঘুরে দেখছেন ক্রেতারা। পছন্দের পাঞ্জাবি খুঁজে খুঁজে কিনছেন তারা। তবে ঈদের সময় যত ঘনিয়ে আসবে বিক্রি ততই বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

এদিকে বগুড়া শহরের রহমান নিউ মার্কেটে প্রতি বছরই দুই ঈদে প্রায় ২০ থেকে ২৫টি তৈজসপত্রের দোকান ঈদ উপলক্ষ্যে তাদের ব্যবসা পরিবর্তন করে পাঞ্জাবির পসরা সাজিয়ে বসেন। এদের মধ্যে অনেক ব্যবসায়ী চার-পাঁচ বছর ধরে প্রতি ঈদে ব্যবসা পরিবর্তন করে পাঞ্জাবির দোকান খুলে বসলেও, কোন কোন তৈজসপত্র ব্যবসায়ী ২৫-৩০ বছর ধরে এ রকম ব্যবসা পরিবর্তন করে ঈদ উপলক্ষ্যে পাঞ্জাবির ব্যবসায়ী বনে যান। এক মাসের জন্য ব্যবসা পরিবর্তন করে এইসব ব্যবসায়ীরা প্রতি বছরই লাভের মুখ দেখেন।  

সরেজমিনে দেখা যায়, বগুড়া শহরের নিউমার্কেট, আল-আমিন কমপ্লেক্স, আলতাব আলী সুপার মার্কেট, রানার প্লাজা, পুলিশ প্লাজা, হকার্স মার্কেট, জলেশ্বরীতলার বিভিন্ন বিপণিবিতানগুলোতে তরুণদের পাশাপাশি মধ্যবয়সি ও প্রবীণ ক্রেতাদের ভিড়। পছন্দের পাঞ্জাবি খুঁজছেন সবাই। আবার কেউ কেউ দামাদামী করে পাঞ্জাবিও কিনছেন। দোকানীরা ক্রেতাদের চাহিদা মাথায় রেখে আগেভাগেই সাজিয়েছেন তাদের শোরুম। বিভিন্ন ব্র্যান্ড ও দেশি-বিদেশি কাপড়ে তৈরি বাহারি পাঞ্জাবিতে ভরে উঠেছে দোকান ও শোরুমগুলো। তবে ঈদের আরও কয়েক দিন বাকি। তাই আরও জমে ওঠার অপেক্ষায় পাঞ্জাবির বাজার।

মার্কেট ঘুরে দেখা যায়, সুতির পাশাপাশি সফট লিলেন, কাবুলি ও প্রিন্টের পাঞ্জাবির চাহিদা বেশি। পাঞ্জাবির ধরণের মধ্যে রয়েছে স্লিম, শর্ট আর ফরমাল। এই তিন ধরণের পাঞ্জাবির মধ্যেও রয়েছে বেশ কিছু নতুনত্ব। বয়স্করা সাদা রঙের পাঞ্জাবি পছন্দ করলেও তরুণরা গাঢ় রঙের পাঞ্জাবি বেশি পছন্দ করছেন। এই গাঢ় রঙের মধ্যে আছে স্কিন প্রিন্টের ডিজাইনের পাঞ্জাবি। আর নকশা হিসেবে আছে ফুলেল মোটিফ ও জ্যামিতিক মোটিফের নানা ধরণ। তবে এরমধ্যে পুরো পাঞ্জাবিজুড়ে নকশার কদর বেশি। এছাড়াও সিল্কের ওপর এমব্রয়ডারি, কারচুপি ও হাতে কাজ করা পাঞ্জাবির চল এবার লক্ষ্য করা যাচ্ছে। আর এইসব পাঞ্জাবিতে কাটিংয়ের নতুনত্বের পাশাপাশি থাকছে কলারেরও নানান ডিজাইন। পাঞ্জাবির চলনসই রঙের মধ্যে সাদা, নীল, মেরুন, সবুজ, মেটে, লাল ও খয়েরি রঙের প্রাধান্য এবার বেশ লক্ষ্যণীয়। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন

পাঞ্জাবি কিনতে আসা ইবনে সানি নীরব বলেন, ঈদের বেশি দিন বাকি নেই, তাই আগে ভাগে চলে আসছি পাঞ্জাবি কিনতে। মার্কেটে অনেক ডিজাইন আছে। দাম এবার একটু বেশি মনে হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর পাঞ্জাবির ডিজাইনে নতুনত্ব এসেছে। ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে করে গরিব, ধনী সবার বাজেটের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ৫শ’ থেকে দেড় হাজার টাকার মধ্যে সাধারণ মানের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। তাছাড়া নামিদামি শো-রুমগুলোতে দুই হাজার শুরু করে আট হাজার টাকা দাম পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি।

শোরুমগুলোর পাশাপাশি এখন উৎসবের রং লেগেছে ফুটপাতের দোকানগুলোতেও। শহরের বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও ঠাঁই হয়েছে নানা রঙের পাঞ্জাবির। ঈদ ঘিরে ব্যস্ত এসব বিক্রেতারাও। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা নিজেদের বাজেটের মধ্যে সেরা পাঞ্জাবিটি খুঁজে নিতে ফুটপাতের এই দোকানগুলোতে ভিড় করছেন।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ