রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল (কমলাপুর) স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অসন্তোষ জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের বেহাল চিত্র তার নজরে আসে।
তিনি জানান, স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এছাড়া ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরির ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের অবহেলার প্রমাণ পাওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর নির্বাহী পরিচালককে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী। স্টেডিয়ামের ড্রেসিংরুম ও ভেতরের পরিবেশ খেলাধুলার অনুপযোগী উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে স্টাফরা টিনশেড ঘর বানিয়ে থাকছেন, যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য কাম্য নয়।
আরও পড়ুন
আমরা দ্রুততম সময়ের মধ্যে বাফুফেকে এটি সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেব।’
তিনি আরও জানান, ফিফার তহবিলের মাধ্যমে স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্ন করা হবে। নিরাপত্তা জোরদারে সীমানা প্রাচীর উঁচু করা, কাঁটাতারের বেড়া স্থাপন এবং স্থানীয় মুগদা থানার সহায়তায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামটিকে খেলোয়াড়দের উপযোগী পরিবেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।