উত্তপ্ত মেক্সিকোর পরিস্থিতি, বিশ্বকাপ নিয়ে যা বললেন ফিফা সভাপতি
স্পোর্টস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে নিয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। অথচ এই সময়েই উত্তপ্ত মেক্সিকোর পরিস্থিতি। মাদক কার্টেল প্রধান এল মেনচো নিহত হওয়ার পর থেকেই দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপ খেলা নিয়ে কী হবে সেটি নিয়ে আছে চাপা শঙ্কা। যদিও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজন নিয়ে ‘খুবই আশ্বস্ত’ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
কলম্বিয়ার বাররানকিয়ায় এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, ‘(বিশ্বকাপ আয়োজন নিয়ে) আমি খুবই আশ্বস্ত, সবকিছু ঠিক আছে। এটি দারুণ এক আয়োজন হতে যাচ্ছে।’ সম্প্রতি মেক্সিকোর শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর নেতা নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরাকে গুয়াদালাহারার কাছে একটি অভিযানে হত্যা করে সেনাবাহিনী। এর পরপরই কার্টেল সদস্যরা তাণ্ডব চালায়। বিশেষ করে গুয়াদালাহারাসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে।
সরকারি তথ্য অনুযায়ী, অভিযানে ও পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন বেসামরিক নাগরিক। তবে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে ছড়িয়ে পড়া সহিংসতার এসব ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম আশ্বস্ত করে বলেন, বিশ্বকাপ দর্শকদের জন্য ‘কোনো ঝুঁকি নেই’ এবং পরিস্থিতি ‘ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।’ জালিস্কো রাজ্যের রাজধানী গুয়াদালাহারা বিশ্বকাপে চারটি গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করবে। এছাড়া মেক্সিকো সিটি ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মনতের্রেও ম্যাচ আয়োজন করবে। সাম্প্রতিক সহিংসতা থেকে এ দুটি শহর রক্ষা পেয়েছে। জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নিরাপত্তা উদ্বেগের কারণে গুয়াদালাহারাকে আয়োজক তালিকা থেকে বাদ দেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ‘এ ধরনের পরিবর্তনের কোনো ঝুঁকি একেবারেই নেই।’
এল মেনচো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর অন্যতম শীর্ষ মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিলেন। তার মাথার দাম যুক্তরাষ্ট্রে ১ কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করা হয়েছিল। ২০০৯ সালে গঠিত সিজেএনজি কার্টেলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। সংগঠনটি ধীরে ধীরে মেক্সিকোর অন্যতম বৃহৎ ও সহিংস মাদকচক্রে পরিণত হয় এবং কারাবন্দী জোয়াকিন ‘এল চাপো’ গুজমানের সিনালোয়া কার্টেলকে ছাড়িয়ে যায়। খবর : গোল ডটকম।
মন্তব্য করুন









