বগুড়া মানেই দর্শকের মেলা
বগুড়ায় বিসিএল’র প্রথম ম্যাচে নর্থ জোনের দাপুটে জয়
স্পোর্টস রিপোর্টার : বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ওয়ানডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেয়েছে তারকা ক্রিকেটারে ভরা নর্থ জোন। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে নর্থ জোন জিতেছে ৫৪ রানে।
আগে ব্যাট করে আকবর আলীর দুর্দান্ত সেঞ্চুরির পর রিশাদ হোসেনের ঘুর্ণিতে কাবু ইস্ট জোন। নর্থ জোনের গড়া ৩৩৫ রানের জবাবে ইস্ট জোন ২ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২৮১ রানে। বিজয়ী দলের আকবর আলী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সকালে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের স্পোটিং উইকেটে ইস্ট জোন টসে জিতে নর্থ জোনকে ব্যাট করতে পাঠায়। দলীয় ২০ রানে ওপেনার হাবিবুর রহমান সোহান সাজঘরে ফেরার পর আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের ভিত রচনা করেন। দলীয় ১০২ রানে তানজিদ তামিম ব্যক্তিগত ৫৪ রানে আউট হলে অল্প রানের ব্যবধানে লিটন দাস এবং তাওহিদ হৃদয়কে হারিয়ে বিপাকে পড়ে নর্থ জোন।
তবে আকবর আলী এসে অধিনায়ক শান্তর সাথে শক্ত জুটি গড়ে দলের বিপর্যয় সামলে নেন। এই জুটিতে যোগ হয় ১২০ রান। অধিনায়ক শান্ত ব্যক্তিগত ৬৮ রান করে সাজঘরে ফিরলেও আকবর আলী তুলে নেন টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। তিনি টি-টুয়েন্টি মুডে ব্যাট চালিয়ে ৮১ বলে ৮টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন।
আরও পড়ুনশেষ পর্যন্ত ১১১ রান করে সাইফুদ্দিনের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগেই দলের স্কোর ৩শ’ অতিক্রম করে। শেষ পর্যন্ত ৩৩৫ রানে শেষ হয় নর্থ জোনের ইনিংস। ইস্ট জোনের খালেদ আহম্মেদ ৪ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ এবং সাইফুদ্দিন দু’টি করে উইকেট পেয়েছেন।
৩৩৬ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জাকিরকে হারায় ইস্ট জোন। এরপর দলীয় ৬৯ রানের টপ অর্ডারের ৩ ব্যাটার সাজঘরে ফিরলে চাপে পড়ে দলটি। এমন কঠিন মুহূর্তে দলের হাল ধরেন অভিজ্ঞ মমিনুল হক এবং দলনেতা ইয়াছির আলী রাব্বী। এই জুটি দলকে ১৪০ রানের টেনে নিয়ে যান। ইয়াছির রাব্বী ব্যক্তিগত ৪২ রানে আউট হলেও মমিনুল খেলেছেন ৮২ রানের দুর্দান্ত ইনিংস। দলীয় ২৩৬ রানে ৯ম উইকেটের পতনের পর নাঈম হাসান ওয়ানডে ম্যাচকে টি-টুয়েন্টি বানিয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন।
৭টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৪৩ বলে ফিফটি তুলে নিয়েছেন লেগ স্পিনার নাঈম হাসান। শেষ ব্যাটার হাসান মাহমুদকে সাথে নিয়ে গড়েছেন ৪৫ রানেরর মূল্যবান জুটি। অবশেষে তাদের এই দুঃসাহসী পথচলা থেমেছে ২৮১ রানে। হাসান মাহমুদ আউট হয়েছেন আব্দুল গাফ্ফার সাকলাইনের বলে, নাহিদ রানার হাতে ক্যাচ দিয়ে। ১১ নম্বরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ করেছেন ১২ রান। এছাড়া পারভেজ হোসেন ইমন ৩৫, অমি করেন ২২ রান। নর্থ জোনের রিশাদ ৪টি, নাহিদ রানা ও মেহেরব ২টি করে এবং শরিফুল ও সাকলাইন একটি করে উইকেট তুলে নেন।
এর আগে গতকাল সোমবার সকালে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উভয় দলে জাতীয় দলের অধিকাংশ তারকা ক্রিকেটারের উপস্থিতি থাকায় মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। বগুড়ায় বিসিএল’র পরের ম্যাচে ২৬ ফেব্রুয়ারি ইস্ট জোনের প্রতিপক্ষ সেন্ট্রাল জোন।
মন্তব্য করুন




_medium_1771858439.jpg)

_medium_1771857255.jpg)

