মামলার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন পাকিস্তানি মডেল
করতোয়া বিনোদন: শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে প্রাক্তন স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। মামলা দায়েরের পর শরীরে আঘাতের চিহ্নের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ইকরা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের দণ্ডবিধি ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা করেন ইকরা। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রাক্তন স্বামী তাকে দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন করেন। গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন প্রাক্তন স্বামী।এদিকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি শরীরে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করেন এ পাকিস্তানি মডেল। ক্যাপশনে জানান, নীরবতা শুধু অপরাধীকে সুরক্ষা দেয়, ভুক্তভোগীকে নয়।
তিনি আরও জানান, এই লজ্জা তার নয়, বরং যারা নির্যাতন করেছে তাদের। তিনি অন্যের জন্য লজ্জা বা গ্লানি আর বয়ে বেড়াতে চান না। অত্যাচারকে শক্তি নয়, ভীরুতা হিসেবে উল্লেখ করে তিনি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ন্যায়বিচারের আশাও প্রকাশ করেন। একই সঙ্গে সকল নারীর নিরাপত্তা ও সাহসের জন্য তিনি প্রার্থনা করেন। প্রসঙ্গত, মডেল ইকরা নাসির সিদ্দিকী তার ইনস্টাগ্রাম পোস্টটি পরবর্তীতে সরিয়ে নেন। এ প্রসঙ্গে কোনো অফিশিয়াল বিবৃতি এখনও প্রকাশ করেননি পাকিস্তানের এ মডেল।
মন্তব্য করুন


_medium_1771773515.jpg)



