বগুড়ার ধুনটে বালু দস্যূদের হামলায় বিএনপি নেতাসহ আহত ৪
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ বালু দস্যূরা। এতে স্থানীয় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার পুকুরিয়া গ্রামের নইম উদ্দিনের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল বারিক (৫৫), আবু তালেবের ছেলে ওয়ার্ড যুবদলের সহসভাপতি শামীম মন্ডল (৩২), ভুতবাড়ি গ্রামের হযরত আলী (৫৬) ও নিউ সারিয়াকিান্দি গ্রামের মোহাম্মাদ আলী জিন্নাহ (২২)। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজবাড়ি গ্রামের আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে পুকুরিয়া গ্রামে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। ফলে নদীর পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করার পাশাপাশি পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হচ্ছিল। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার ফসলি জমি, বসতভিটা এবং নদীর ডান তীররক্ষা প্রকল্প হুমকির মুখে পড়েছিল। এ কারণে ভান্ডারবাড়ি, পুকুরিয়া, ভুতবাড়ি গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে বালু ব্যবসায়ী মান্নান, সাদ্দাম ও তাদের লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালান। তাদের হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
আরও পড়ুনতবে এ বিষয়ে বালু ব্যবসায়ী আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমিনা খাতুন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
`
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771772424.jpg)





_medium_1771772706.jpg)

