আমরা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই
একটি দেশের ভাগ্য ললাটে কী লেখা আছে, তা বোঝা যায় সেই দেশের সাধারণ মানুষের চোখের দিকে তাকালে। আমাদের মতো নিম্ন-মধ্যম আয়ের দেশে প্রতিটি সাধারণ নির্বাচনের পর জনগণের মধ্যে এক বিশাল আশার সঞ্চার হয়। মানুষ স্বপ্ন দেখে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং বাসযোগ্য সুন্দর বাংলাদেশের। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, যেখানে শিক্ষা হবে জাতির মেরুদণ্ড আর মেধা হবে অগ্রগতির একমাত্র মাপকাঠি। আমাদের এই প্রত্যাশাগুলো আকাশকুসুম কোনো গল্প নয়। নাগরিক হিসেবে আমাদের ন্যূনতম অধিকার। আজ সময় এসেছে সেই অধিকার ও প্রত্যাশাগুলোকে একটি সুনির্দিষ্ট কাঠামোয় এনে নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার।
নির্বাচনের সময় আমাদের দেশের হাজার হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। উৎসবমুখর পরিবেশে মানুষ সেখানে গিয়ে তাদের রায় দিয়ে আসে। কিন্তু আক্ষেপের বিষয় হলো, নির্বাচনের ডামাডোল শেষ হলে সেই স্কুলগুলোর ভগ্নদশা আর কেউ দেখে না। অনেক এলাকায় দেখা যায় স্কুলের ছাদ দিয়ে পানি পড়ছে, বেঞ্চ নেই, কিংবা জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিশুরা ক্লাস করছে। আমাদের প্রথম দাবি হলো নির্বাচন পরবর্তী সময়ে প্রতিটি নির্বাচনী এলাকার স্কুলগুলোকে মেরামত করতে হবে। যেখানে প্রয়োজন সেখানে নতুন ভবন নির্মাণ করতে হবে। ডিজিটাল ল্যাব থেকে শুরু করে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা সবই থাকতে হবে এই স্কুলগুলোতে। কারণ, পরিবেশ সুন্দর না হলে মানসম্মত শিক্ষা কখনো সম্ভব নয়।
একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। মানুষ যখন ভয়হীনভাবে নিজের কথা বলতে পারে এবং গণমাধ্যম যখন কোনো চাপ ছাড়াই রাষ্ট্রের ভুলত্রুটি বা দুর্নীতির চিত্র তুলে ধরতে পারে, তখনই রাষ্ট্র সঠিক পথে চলে। কোনো বিশেষ আইন বা অদৃশ্য ভয়ে যদি সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়, তবে সমাজে অন্ধকারের রাজত্ব কায়েম হয়। আমরা চাই এমন এক বাংলাদেশ, যেখানে গঠনমূলক সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখা হবে না। গণমাধ্যম হবে সরকারের আয়না, যা ভুলগুলো সংশোধন করে রাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করবে। বিগত বছরগুলোর অব্যবস্থাপনার লাল দশা কাটাতে সংসদ সদস্যদের পেশাগত দক্ষতা অনুযায়ী দায়িত্ব দেওয়া জরুরি। একজন ডাক্তারকে স্বাস্থ্য, প্রকৌশলীকে অবকাঠামো বা অর্থনীতিবিদকে অর্থ খাতের দায়িত্ব দিলে কাজের গতি ও স্বচ্ছতা বাড়বে। সঠিক মানুষ সঠিক জায়গায় থাকলে আমলাতান্ত্রিক জটিলতা কমে এবং জনসেবা নিশ্চিত হয়। নির্বাচনী ইশতেহার কেবল ভোটের প্রচারতে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি জনগণের সাথে একটি চুক্তি। নির্বাচিত প্রতিনিধিদের তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার স্বাধীন পরিবেশ ও প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে। ইশতেহার অনুযায়ী কাজ করার সুযোগ থাকলে উন্নয়ন টেকসই হবে এবং রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হবে।
দুর্নীতি আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। সরকারি প্রতিটি দপ্তরে সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক, মালিক নন এই মানসিকতা প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা (তবৎড় ঞড়ষবৎধহপব) প্রমাণ করতে হবে। বড় বড় রাঘববোয়াল থেকে শুরু করে তৃণমূলের অনিয়ম সবকিছুর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হলো নিয়োগ প্রক্রিয়া। বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও অনেক মেধাবী তরুণ বেকার থাকছে, কারণ তাদের কোনো ‘প্রভাবশালী আত্মীয় মামা - চাচা - খালু বা রাজনৈতিক সুপারিশ নেই। এই ‘মামা-চাচা-খালুর’ তদবির সংস্কৃতি মেধাবীদের দেশত্যাগে বাধ্য করছে। আমরা চাই, রাষ্ট্র নিশ্চিত করুক যে প্রতিটি চাকরি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে। মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা গেলে প্রশাসনে যেমন গতি ফিরবে, তেমনি তরুণদের মধ্যে রাষ্ট্রপ্রেম বৃদ্ধি পাবে। আমাদের বিশাশ জনগোষ্ঠীর শিক্ষার্থীদের কেবল সার্টিফিকেটধারী শিক্ষিত বেকার না বানিয়ে তাদের জন্য জেলা-উপজেলা পর্যায়ে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। ফ্রিল্যান্সিং, কারিগরি কাজ, আধুনিক কৃষি বা প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করতে হবে। তরুণরা যখন কাজ পাবে এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে, তখনই তাদের মাদক ও অপরাধের অন্ধকার জগত থেকে দূরে রাখা সম্ভব হবে। আবার পাড়া-মহল্লায় মাদকের বিস্তার বন্ধ করতে হলে কেবল সেবনকারী নয়, মূল সরবরাহকারীদের ধরতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় যেন হয় কেবল ‘অপরাধী’। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করি। আমাদের দেশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সমস্যা আমাদের কাঁধে চেপে আছে। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু এর ফলে আমাদের অর্থনীতি, পরিবেশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে। এই সমস্যার সমাধানে সরকারকে আন্তর্জাতিক মহলে আরও জোরালো ও তৎপর কূটনৈতিক ভূমিকা পালন করতে হবে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশ্ব সম্প্রদায়ের ওপর এমন চাপ সৃষ্টি করতে হবে যাতে মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। একটি সরকারের মেয়াদের শেষে যেন অত্যন্ত স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে মানুষ কোনো ভয়ভীতি ছাড়াই তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই নাগরিকরা রাষ্ট্রের অংশীদার হয়ে ওঠে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, তা কোনো একক দলের বা গোষ্ঠীর নয়, তা ১৬ কোটি মানুষের। উন্নয়ন আর সুশাসন যদি হাত ধরাধরি করে চলে, তবেই আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সার্থক হবে। আমরা চাই মেধার মূল্যায়ন, দুর্নীতির অবসান এবং একটি সুন্দর আগামীর নিশ্চয়তা। সরকার যদি জনগণের এই নাড়ির স্পন্দন বুঝতে পারে, তবেই দেশ সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে।
আরও পড়ুন
লেখক :
তারেক আল মুনতাছির
শিক্ষার্থী, বাংলা বিভাগ
কক্সবাজার সরকারি কলেজ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








