ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৬ রাত

কুড়িগ্রামে ৪টি আসনে ১১ দলীয় জোটের জয়, জামায়াতের ৩ ও এনসিপি’র ১ প্রার্থী বিজয়ী

কুড়িগ্রামে ৪টি আসনে ১১ দলীয় জোটের জয়, জামায়াতের ৩ ও এনসিপি’র ১ প্রার্থী বিজয়ী

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে ৪টি আসনে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে ৩টিতে জামায়াতে ইসলামী এবং অপর সদর আসনটিতে তাদের জোট সমর্থিত ১১দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রার্থী বিজয় লাভ করেছেন।

জাপার ঘাটি বলে বিবেচিত এই ৪টি আসনেই বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফলে নারী ভোটারদের উপস্থিতি এই পার্থক্য গড়ে তুলেছেন বলে মনে করা হচ্ছে। তবে এ নির্বাচনে জামায়াতের পাশাপাশি ভালো ফলাফল করেছে বিএনপিও।

কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত ফলাফল শীটে দেখা যায় এবারে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কুড়িগ্রাম-২ আসন থেকে এনসিপি’র প্রার্থী মো: আতিকুর রহমান মুজাহিদ (ড. আতিক মুজাহিদ) তিনি ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়েছেন।

৪টি আসনে ২৮জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আব্দুল খালেক পেয়েছেন ২০১ ভোট। নির্বাচনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন কুড়িগ্রাম-৩ আসন থেকে জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

তিনি বিএনপি’র হেভিওয়েট প্রার্থী তাসভীর উল ইসলামকে ২৮ হাজার ৫৭৮ ভোটে পরাজিত করেছেন। এছাড়াও কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সাফিউর রহমান হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দু’টি আসনে যথাক্রমে ৩১৪ এবং ২৩৯ ভোট পেয়েছেন। দু’টি আসন থেকে তার মোট প্রাপ্ত ভোট ৫৫৩টি। সার্বিকভাবে ৪টি সংসদীয় আসনের মধ্যে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কুড়িগ্রাম-১ আসন: আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে জামায়াত প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি’র সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬৫ ভোট।

জামায়াত প্রার্থী ১৮ হাজার ৬৫টি ভোটে বিজয়ী হয়েছেন। এই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৭২৭ ভোট, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মো: হারিসুল বারী হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৮০৭ ভোট, জাকের পার্টির আব্দুল হাই গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট এবং গণঅধিকার পরিষদ প্রার্থী বিন ইয়ামীন মোল্লা জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেও তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট।

আরও পড়ুন

কুড়িগ্রাম-২ আসন:  এ আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো: আতিকুর রহমান মুজাহিদ (ড. আতিক মুজাহিদ) শাপলা কলি প্রতীক নিয়ে ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি’র সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। ড. আতিক মোজাহিদ ৯ হাজার ১২১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী নুর বখত হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮২৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৪৬ ভোট, নাগরিক ঐক্যের প্রার্থী মোহাম্মদ আব্দুস সালাম কেটলি প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০০ ভোট, এবি পার্টির মো: নজরুল ইসলাম খান ঈগল প্রতীকে পেয়েছেন ৯০৪ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নুর মোহাম্মদ কাস্তে প্রতীকে পেয়েছেন ৬৫৭ ভোট এবং স্বতন্ত্রী প্রার্থী মো: সাফিউর রহমান হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৪ ভোট।

কুড়িগ্রাম-৩ আসন : এ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি’র তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট। ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৮ হাজার ৫৭৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৭৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১১২ভোট, গণঅধিকার পরিষদের সরকার মো: নুরে এরশাদ সিদ্দিকী শেষ মুহুর্তে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর কথা বললেও তার ট্রাক প্রতীকে ভোট পড়েছে ৫৯৯টি এবং স্বতন্ত্র প্রার্থী মো: সাফিউর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ২৩৯ ভোট।

কুড়িগ্রাম-৪ আসন: এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি’র মো: আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। মোস্তাফিজুর রহমান ২৩ হাজার ৭৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এই আসনে সাবেক চিলমারী উপজেলা চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়ে বালতি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯০২ ভোট, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মো: হাফিজুর রহমান হাত পাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী কে এম ফজলুল হক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮০ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পার্টির রাজু আহমেদ কাঁচি প্রতীকে পেয়েছেন ৩২০ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ’র প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল খালেক মই প্রতীক নিয়ে সর্বনিম্ন ভোট পেয়েছেন ২০১টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ৪টি আসনে ১১ দলীয় জোটের জয়, জামায়াতের ৩ ও এনসিপি’র ১ প্রার্থী বিজয়ী

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

নির্বাচনে জামানত কী কারণে বাজেয়াপ্ত হয়, জেনে নিন

বসন্তের প্রথম দিনে ভালোবাসা দিবসে যে বার্তা দিলেন তরুণীরা

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই : আব্দুল মহিত তালুকদার

ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর