রংপুরের কেন্দ্রে ভোটার আসছে ধীর গতিতে স্বস্তিতে ভোট দিচ্ছেন ভোটাররা
রংপুর জেলা প্রতিনিধি : ভোট শুরুর আগেই লাইনে দাঁড়িয়েছে ভোটাররা। পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কমে গেছে। অনেকটা ধীর গতিতে আসছে ভোটাররা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় নগরীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে সকালের দিকে ভীড় ছিলো বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা শাহিনুর রহমান। নগরীর সেনপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, আদর্শপাড়া উচ্চ বিদ্যালয়, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সরকারি বেগম রোকেয়া কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী সমর্থকদের ভীড় থাকলেও কেন্দ্রের ভিতরে কোন ভোটার লাইন নেই। ধীর গতিতে আসছে ভোটাররা। সেনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেরাজুল ইসলাম জানান, তার কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৩৯ জন। সকাল ১০টা পর্যন্ত আড়াই ঘন্টায় ভোট পড়েছে ২০০। আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৩৯৮ জন। একই সময়ে ৪০০ ভোটার ভোট দিয়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার মনসুর ইসলাম।
সরেজমিনে দেখা যায়, ভোট কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের বুথ করা হয়েছে। সেই বুথ থেকে ভোটারদের স্লিপ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে রিক্সা, অটো রিক্সা করে ভোটারদের বাড়ি বাড়ি থেকে নিয়ে আসছে প্রার্থীদের কর্মীরা। সরকারি বেগম রোকেয়া কলেজ সেন্টারে সানজিদা নামে এক ভোটার বলেন, সকালেই ভোট দিয়েছি। এখন সারাদিন বাড়ির কাজ করা যাবে নিশ্চিন্তে। ভোটার লাল্টু মিয়া জানান, পরিবারসহ সকালেই কেন্দ্রে এসেছি যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি। সেই অনুযায়ী ভোটও দিয়েছি। কোন ভয় নাই। উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৫৪ জন এবং মহিলা ভোটার ১ হাজার ২৭১ জন। কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি ভালো ছিলো।
রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাহিরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, প্রস্তত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন









