রংপুরে ২১৬টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ৮৭৩টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি কেন্দ্রগুলো সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১২১টি ও আট উপজেলায় ৯৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
রংপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১১টি, গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জ উপজেলায় ৭টি, বদরগঞ্জ উপজেলায় ৮টি, মিঠাপুকুর উপজেলায় ৯টি, পীরগঞ্জ উপজেলায় ২৯টি, পীরগাছা উপজেলায় ১১টি এবং কাউনিয়া উপজেলায় ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
অপরদিকে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানা এলাকায় ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি, হারাগাছ থানা এলাকায় ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাট থানা এলাকায় ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জ থানা এলাকায় ২২টির মধ্যে ১৪টি, পরশুরাম থানা এলাকায় ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাট থানা এলাকায় ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুনরংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) জানিয়েছে, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৩টি আসনের আংশিক অংশে নির্বাচনি দায়িত্বে থাকবে মেট্রোপলিটন পুলিশ। এসব স্থানের ২০৪টি কেন্দ্রে দায়িত্ব পালনসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নির্বাচনি দায়িত্বে ৩০টি মোবাইল পেট্রোল টিম ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।
আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তোফায়েল হোসেন জানান, পুরো নগরীতে আমাদের নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। চেকপোষ্ট জোরদারসহ তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ৩টি নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনীর সাথে মেট্রোপলিটন পুলিশ কাজ করে জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন







