আড়াই ঘণ্টা পর সাতরাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা
অবরোধের প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছেড়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় সাতরাস্তা মোড়, মহাখালী ও আশপাশের সড়কে যানজট কমেনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর সোয়া ৩টা পর্যন্ত ২ ঘণ্টা ৪০ মিনিট তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রেখেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৮০০ শিক্ষার্থী। দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানজট কমাতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে।
আরও পড়ুনকারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে তারা জানতে পেরেছেন। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






