প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫২ বিকাল
ভিপি নুরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন
ভিপি নুরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনটি করেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি)বেলা ১২টায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল আলীম তালুকদার বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগকারী হাসান মামুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন (গলাচিপা–দশমিনা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশ নেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি অভিযোগ করেন, একই আসনে সংসদ নির্বাচনে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপির আসন সমঝোতার প্রার্থী হওয়ার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও অসংলগ্ন বক্তব্য দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নুরুল হক নুর গ্রামগঞ্জের নিরীহ ও অসহায় মানুষকে টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করছেন। নুরের লোকজন এ অপচেষ্টায় ব্যর্থ হয়ে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ও ধমকি দিচ্ছেন। ইতোমধ্যে নুরুল হক নুর বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে তিনি এমপি হয়ে গেছেন, শুধু ১২ তারিখের অপেক্ষা।
আবদুল আলীম তালুকদার আরও বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর তার নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া তিনি বিভিন্ন স্থানে, বিশেষ করে দশমিনা উপজেলা পরিষদের সামনে রঙিন বিলবোর্ড স্থাপন করেছেন, যা আচরণবিধি পরিপন্থী। নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের সামনে এসব ঘটনা ঘটলেও নুরুল হক নুরের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, নুরুল হক নুরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি তার স্বামীর ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় এসব ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, ভিপি নুরের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে এবং তার কর্মী-সমর্থকদের পিটিয়ে আহত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমীন মোল্লা, মো. মোফাজ্জেল হোসেন, মিজানুর রহমান জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, হুমায়ুন কবির মিলন, মাসুদুর রহমান পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক বেল্লাল মৃধা, অ্যাডভোকেট এনামুল হক রতন, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1770034991.jpg)

