আসতে পারে শৈত্যপ্রবাহ, বজ্রসহ হতে পারে শিলাবৃষ্টি
দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও এর দাপট এখনই পুরোপুরি শেষ হচ্ছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এ মাসে অন্তত দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এতে আরও বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রসহ বৃষ্টি বা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।এ সময় দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








