বান্দরবানে সেনা অভিযান, অস্ত্রসহ গুলিবিদ্ধ জেএসএস সদস্য আটক
বান্দরবানের রোয়াংছড়িতে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, সোমবার আনুমানিক বিকেল ৫টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় 'জেএসএস (মূল)' এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করে। পরিস্থিতি বিবেচনায় জেএসএস (মূল) সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর টহল দলের উপর গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া করে। প্রাথমিকভাবে তারা একটি স্কুল ঘরে আশ্রয় নেয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে ওই স্থান থেকে পালিয়ে যায়।
এই অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে তাকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুনঅভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান, ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন, ২টি অস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








