ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৃথক দুটি ঘটনায় মৃত্যুর এই ঘটনাটি ঘটে। মৃতরা হলো- তিন বছর বয়সী মো. আবদুল্লাহ ও দেড় বছর বয়সী আবদুর রহমান।
আবদুল্লাহ ভবানীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. শফিকের ছেলে এবং আবদুর রহমান আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. সুমনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত থাকা অবস্থায় আবদুল্লাহ অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্য ঘটনায়, আবদুর রহমানের মা তাকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় শিশুটি মাকে খুঁজতে হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনা দুটি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788775663.jpg)
_medium_1788766281.jpg)



