ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১০:০৯ পিএম

বগুড়ার উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটি টাকার রেল প্রকল্পসহ একাধিক মেগা পরিকল্পনা : মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটি টাকার রেল প্রকল্পসহ একাধিক মেগা পরিকল্পনা : মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার: বগুড়াকে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। ইতোমধ্যে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য ২২শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বগুড়ায় মেট্রোরেলের আদলে উড়াল ট্রেন, আন্তর্জাতিক বিমানবন্দর, ৪ লেনের বাইপাস সড়ক এবং একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বগুড়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব মেগা পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন বৈষম্য ও শহরের যানজট নিরসন প্রসঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত ১৭ বছর বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। কেবল সেই বকেয়া কাজগুলো সম্পন্ন করলেই বগুড়ার ব্যাপক পরিবর্তন হবে।

শহরের যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, শহরের ভেতর দিয়ে রেললাইন যাওয়ায় ৭টি লেভেল ক্রসিং বা ঘুমটি রয়েছে, যার কারণে প্রতিদিন প্রচুর সময় অপচয় হয়। এই সমস্যা সমাধানে রানীর হাট থেকে কাহালু হয়ে মেট্রোরেলের আদলে ওপর দিয়ে (উড়াল) ট্রেন চলাচলের পরিকল্পনা করা হয়েছে, যা গাবতলী পর্যন্ত যাবে। একই সাথে গাবতলীতে চার লেনের একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে। আর বর্তমান রেললাইনটি সিটি কর্পোরেশনের রাস্তা হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এছাড়া বগুড়া-নওগাঁ এবং মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

গাবতলীর সড়ক বিতর্ক ও ভাঙচুর আতঙ্ক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে গাবতলীর একটি কাঁচা সড়কে ইট বিছানো নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের নিরাপত্তা স্বার্থে সাময়িকভাবে ওই কাঁচা রাস্তায় ইট বিছানো হয়েছিল। সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল। তাই এখন ইট অপসারণ করে ঠিকাদার স্থায়ী নির্মাণকাজ শুরু করেছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।

আরও পড়ুন

বগুড়া মহানগর উন্নয়ন প্রসঙ্গে তিনি পৌরবাসীকে আশ্বস্ত করে বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শহরের অপ্রয়োজনীয় ভাঙচুর না করে কীভাবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যেই মাস্টারপ্ল্যান করা হচ্ছে। এছাড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে নকশা অনুযায়ী ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বহুমাত্রিক বিমানবন্দর ও বগুড়া বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে শহরের বাইরে একটি আধুনিক ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী। যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করা হবে।

পাশাপাশি বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে পাইলট ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সাথে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া প্রেস ক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মির্জা সেলিম রেজা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটি টাকার রেল প্রকল্পসহ একাধিক মেগা পরিকল্পনা : মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে নিহত ১ 

হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

নাটোরে ‘খ্যাপা’ বানরের তাণ্ডব প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন