পহেলা বৈশাখ ও কৃষক কার্ড: সম্ভাবনার নতুন দিগন্ত
পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়, ঐতিহ্য ও নতুন সম্ভাবনার প্রতীক। এই নববর্ষ কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয় এটি কৃষিনির্ভর বাংলার অর্থনীতি ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এক বাস্তবতা। “কৃষিই কৃষ্টি, কৃষিতেই মুক্তি” এই চিরন্তন দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে, কৃষকের স্বনির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কৃষিনির্ভর অর্থনীতির এই বাংলাদেশে কৃষকের অবদান অনস্বীকার্য ও অপরিসীম। তবুও বাস্তবতা হলো বাঙালির ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ প্রতিবছর নব আশার বার্তা নিয়ে এলেও কৃষকের ভাগ্যোন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কার্যকর ও টেকসই পদক্ষেপ দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিল। উৎসব এসেছে, কেটেছে; কিন্তু প্রান্তিক কৃষকের জীবনসংগ্রামে দৃশ্যমান পরিবর্তন খুব কমই ঘটেছে। এই বৈপরীত্য আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্যের পাশাপাশি কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়াই হতে পারে একটি সত্যিকারের অর্থবহ নবযাত্রার সূচনা। এই প্রেক্ষাপটে পহেলা বৈশাখের মতো তাৎপর্যপূর্ণ দিনে কৃষকের ক্ষমতায়নে বিএনপি’র নবগঠিত সরকারের “কৃষক কার্ড” কর্মসূচির উদ্বোধন নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রতীকী পদক্ষেপ।
বাংলাদেশের কৃষি খাত দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কৃষকরা উৎপাদনের মূল চালিকাশক্তি হলেও তারা প্রায়ই ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, সহজ শর্তে ঋণ পান না, এবং অনেক ক্ষেত্রে সরকারি সহায়তা থেকে দূরে থাকেন। এই প্রেক্ষাপটে কৃষকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা এবং তাদের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে ওঠে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপি সরকার কৃষক কার্ড কর্মসূচির পাইলটিং আজ শুরু করতে যাচ্ছে, যা কৃষকদের জন্য একটি পরিচয়ভিত্তিক ও সুবিধাভোগী-কেন্দ্রিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করে। কৃষক কার্ড মূলত কৃষকদের সনাক্তকরণ এবং তাদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা সহজলভ্য করার একটি কার্যকর মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজ শর্তে কৃষিঋণ, সার ও বীজের ভর্তুকি, কৃষি উপকরণ সহায়তা এবং অন্যান্য প্রণোদনা পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে দিবে এবং সহায়তা সরাসরি কৃষকের হাতে পৌঁছানোর পথ সুগম করবে। পহেলা বৈশাখে এই ধরনের একটি কর্মসূচির উদ্বোধন নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়—এটি একটি প্রতীকী বার্তা। বৈশাখ যেমন পুরোনো বছরের গ্লানি মুছে নতুন আশার সূচনা করে, তেমনি কৃষক কার্ড কর্মসূচিও কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা নির্দেশ করে। এটি কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের অধিকার সুরক্ষার একটি দৃঢ় অঙ্গীকার।
তবে একটি উদ্যোগের সফলতা নির্ভর করে তার সঠিক বাস্তবায়ন, স্বচ্ছতা এবং ধারাবাহিকতার ওপর। কৃষক কার্ড কর্মসূচি যদি সঠিকভাবে হালনাগাদ না হয়, অথবা যদি প্রকৃত কৃষকদের বাইরে রেখে অন্যরা সুবিধা পেয়ে যায়, তাহলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। তাই এই কর্মসূচিকে একটি টেকসই কাঠামোর মধ্যে নিয়ে আসা জরুরি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, নিয়মিত ডাটাবেইজ আপডেট এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা হলে এই উদ্যোগ টেকসই ও ফলপ্রসূ হবে। এছাড়া কৃষক কার্ডকে শুধু ঋণ বা ভর্তুকির মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সঙ্গে কৃষি বীমা, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের মতো বিষয়গুলো যুক্ত করা উচিত। এতে করে কৃষকরা একটি সমন্বিত সহায়তা ব্যবস্থার আওতায় আসবেন এবং তাদের ঝুঁকি কমবে। পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় নতুনকে গ্রহণ করতে হলে পুরোনো সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে হবে। কৃষি খাতেও একইভাবে উদ্ভাবন, আধুনিকায়ন এবং নীতিগত সংস্কার প্রয়োজন। কৃষক কার্ড কর্মসূচি সেই পরিবর্তনের একটি সূচনা হতে পারে, যদি তা সঠিকভাবে পরিচালিত হয়। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষকের আয় বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং বাজারে তাদের অবস্থান সুদৃঢ় করা অপরিহার্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষি ও কৃষককল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ১২ লাখেরও বেশি কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা প্রান্তিক কৃষকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা জোরদারে “ফ্যামিলি কার্ড” কার্যক্রমও চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ ও সহায়তা ব্যবস্থার আওতায় আনতে “কৃষক কার্ড” কার্যক্রম আজ পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে। পহেলা বৈশাখ ও কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন এই দুইয়ের মধ্যে একটি গভীর প্রতীকী সম্পর্ক রয়েছে। উভয়ই নতুন সম্ভাবনার বার্তা বহন করে। নতুন বছরের এই শুভক্ষণে প্রত্যাশা কৃষকের জীবনে আসুক সমৃদ্ধি, কৃষি হোক দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং কৃষক কার্ড কর্মসূচি হয়ে উঠুক একটি সফল ও টেকসই উদ্যোগের মডেল। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩৩।
লেখকঃ
প্রফেসর ড. সামিউল তুষার
আরও পড়ুনপ্রক্টর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), সিলেট।
সেমিনার বিষয়ক সহ-সম্পাদক, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সাধারণ সম্পাদক, ইউট্যাব সিকৃবি ইউনিট। আজীবন সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








