ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৪:১১ দুপুর

নোয়াখালীতে ‘যুবদল নেতা’র হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে ‘যুবদল নেতা’র হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না পেয়ে যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
 
এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্যবাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে নিহতের দুই ছেলেও আহত হন।
 
নিহতের ছোট ছেলে মো. সুমন বলেন, প্রায় এক বছর আগে তার বাবা ইসলামগঞ্জ মধ্যবাজার এলাকায় স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১ দশমিক ৩৮ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি ওই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বাধা দেন এবং জমিটি তার মামার বলে দাবি করেন।
 
তিনি বলেন, ‘এই নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলে লিটন চৌধুরীকে জমির স্বপক্ষে কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু তিনি কোনো দলিল উপস্থাপন করতে না পারায় তাকে দুই মাস সময় দেওয়া হয়। এরপর থেকেই লিটন চৌধুরী ওই জমিতে কাজ চালিয়ে যেতে হলে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। বৃদ্ধ আবদুল হাই চাঁদা দিতে অস্বীকার করায় লিটন তার ওপর ক্ষুব্ধ হন।’
 
ভুক্তভোগী পরিবারের দাবি, নির্ধারিত সময় পার হওয়ার পর গত মঙ্গলবার সকালে জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দামসহ ৮-১০ জনের একটি দল হামলা চালায়। হামলাকারীরা বৃদ্ধ আবদুল হাইকে বেধড়ক মারধর করে বিদ্যুতের খুঁটির ওপর থেকে পাশের খালে ফেলে দেয়। বাবাকে বাঁচাতে গিয়ে তার দুই ছেলেও আহত হন।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে আবদুল হাইকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোররাতে তাকে ভর্তি করা হলেও দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 
অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন যুবদল নেতা লিটন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
 
তবে নোয়াখালী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে সালিশ বাণিজ্য ও চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি রয়েছে। নোয়ান্নই ইউনিয়নের ঘটনায় লিটন চৌধুরীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
 
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘বৃদ্ধ আবদুল হাইয়ের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এই বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গ্রেপ্তার ৪!

আবু সাইদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

নীরব আইনের ছায়ায় হারাচ্ছে পরিবেশ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যা জানাল ইরান

গ্যারেজের অটোরিকশা রাখা নিয়ে সংঘর্ষ, আহত পু‌লিশসহ শতাধিক

সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার