মুন্সীগঞ্জে রেললাইনের রেলিং কাটার সময় ৩ চোর আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিনের বেলায় রেলওয়ে লাইনের লোহার রেলিং কাটার সময় তিনজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
আজ শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার চর পানিয়া এলাকায় ঢাকা-মাওয়া রেলপথ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন অহিদুল ইসলাম (২৮), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল মজুমদারবাড়ী গ্রামের শামসুল হক মজুমদারের ছেলে মো. সোহাগ (২৩), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কইলাটি মোল্লাবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে এবং পিকআপ গাড়ির মালিক আফজাল হোসেন (৩৭)।
আরও পড়ুনপুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে চর পানিয়া গ্রামের আরেফিনের বাড়ির সংলগ্ন ঢাকা-মাওয়া রেলপথের নিচের জমিতে কয়েকজন ব্যক্তি রেললাইনের লোহার রেলিংয়ের রড কেটে একটি পিকআপে তুলছিলেন। এ সময় স্থানীয়দের সহায়তায় সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে রেলপথের লোহার রেলিংয়ের কয়েকটি রড এবং একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত চোরাই মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, রেলপথের সরকারি সম্পদ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





