কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, হত্যার ষড়যন্ত্র থেকে বেঁচে ফিরেছেন তিনি। তিনি বলেন, তার দুই মেয়েকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণের সময় তাকে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন ধরেই মাদকচক্র তাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে সতর্ক করে আসছিলেন তিনি।
পেত্রো জানান, আগের দিন ক্যারিবীয় উপকূলীয় এলাকায় যাওয়ার সময় নিরাপত্তা হুমকির কারণে তার হেলিকপ্টার নির্ধারিত স্থানে অবতরণ করতে পারেনি। কারণ হিসেবে তিনি বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা হেলিকপ্টারে গুলি চালাতে পারে, এমন তথ্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী।’ তিনি আরো জানান, যেখানে তার অবতরণের কথা ছিল, সেখানে আলো পর্যন্ত জ্বালানো হয়নি। দেশের উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট পেত্রো বলেন, ‘ভারি বৃষ্টি ও বন্যার কারণে সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে। তবে নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমি বেঁচে থাকার চেষ্টা করছি। সে কারণেই গত রাতে নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারিনি। আজ সকালেও অবতরণ করতে পারিনি।’
আরও পড়ুনজানা গেছে, তার হেলিকপ্টার কয়েক ঘণ্টা খোলা সমুদ্রের দিকে উড়ে যায়। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় ভিন্ন একটি স্থানে নিরাপদে অবতরণ করেন তিনি। এরপর পরিবর্তন করা হয় তার নিরাপত্তা পরিকল্পনা ও যাতায়াতের রুট। খবর : আল জাজিরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








