ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৬ বিকাল

নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পুলিশের চেকপোস্ট অভিযান, ৬৬১টি মামলা

নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পুলিশের চেকপোস্ট অভিযান, ৬৬১টি মামলা

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে বগুড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে জেলা পুলিশের বসানো চেকপোস্টে কড়াকড়ি তল্লাশি চালানো হচ্ছে। এ সময় মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করে মামলা দেওয়া হচ্ছে এবং নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে।

বগুড়া জেলা পুলিশ সুত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৬ জানুয়ারি থেকে বগুড়া শহর ছাড়াও উপজেলা পর্যায়ে পুলিশ চেকপোস্ট স্থাপন করে মোটর সাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই শুরু করে।

পুলিশের এই বিশেষ অভিযানে ৩১ জানুয়ারী পর্যন্ত মোটরযান আইনে ৬৬১ টি মামলা দেয়া হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৩৫০ টি নম্বর বিহীন মোটরসাইকেল। আটক এই মোটর সাইকেল গুলোর মধ্যে ২০৩ টি রেজিষ্ট্রেশনের টাকা জমা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। মোটরযান আইনে ৬৬১ টি মামলা থেকে জরিমানা আদায় হবে ২৬ লক্ষাধিক টাকা।

পুলিশের এই বিশেষ অভিযানে দায়িত্ব পালন করা নাম প্রকাশ না করার শর্তে একাধিক সার্জেন্ট বলেন, আটক করা নম্বর বিহীন মোটরসাইকেল গুলো অধিকাংশ গ্রামের সাধারণ মানুষের। রাজনৈতিক নেতাকর্মীদের মোটরসাইকেল আটক করলেও তদবিরে ছেড়ে দিতে হয়। যারা তদবির করাতে পারে না তাদের মোটরসাইকেল আটক থাকে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের মোটরসাইকেল ছেড়ে না দিলে তারা মব সৃষ্টি করে পুলিশকে হেনস্তা করে।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক বগুড়া সদরের আবু জাফরসহ অনেকেই জানান, প্রয়োজনীয় কাগজপত্রের সামান্য ত্রুটি বা অস্পষ্টতার কারণ দেখিয়ে মামলা দেওয়া হচ্ছে, অথচ একই পরিস্থিতিতে প্রভাবশালীদের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হচ্ছে। গ্রামের অনেক চালকই নিয়ম-কানুন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় কাগজপত্র বাড়িতে রাখায় তারাই বেশি সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন

এদিকে এসব অভিযানের জেরে উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হচ্ছে। গত ১৫ দিনে মোটরসাইকেল আটক অভিযানে পুলিশকে হেনস্তা করার তিনটি ঘটনা ঘটেছে। বগুড়ার নন্দীগ্রামে, ধুনটে এবং আদমদীঘিতে। এরমধ্যে পুলিশকে মারধরের অভিযোগ ধুনটে পুলিশের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।

সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কেজিএম ফারুক বলেন, মোটরসাইকেলের কাগজ যাচাই বাছাই করতে গিয়ে কোথাও কোথাও উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক এবং হুমকি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অভিযানে কোনো ধরনের পক্ষপাত করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজবশির কেবলস-এর ৩২টি নতুন সেলস সেন্টার একই দিনে উদ্বোধন

নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পুলিশের চেকপোস্ট অভিযান, ৬৬১টি মামলা

পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ

ইস্পাহানি গ্রুপের বহুমুখী পণ্যসম্ভার গালফ ফুড ফেয়ার ২০২৬-এ

বগুড়ায় তিন মাদক কারবারির কারাদন্ড

ইউরোপের খ্যাতনামা এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন